নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (২০১৬-২০১৭) অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বন্ধ রাখার জন্য রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশার চিঠির প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় অবিলম্বে এব্যাপরে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এতে করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নগরবাসীর মধ্যে যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে-তার নিরসন হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
এব্যাপারে সোমবার রাতে এমপি বাদশার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অযৌক্তিক ভাবে হোল্ডিং ট্যাক্স যাতে বৃদ্ধি না করা হয় সে বিষয়টি নিয়ে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর পত্র প্রদান করেন। যাতে ট্যাক্সের বিষয়টি তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানানো হয়।
এই পত্রের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ট্যাক্স বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি আশা করেন মন্ত্রনালয় রাজশাহীর মানুষের অর্থনৈতিক দিক বিবেচনায় নিয়ে গ্রহনযোগ্য ও সহনীয় ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেবেন। মন্ত্রনালয় তার পত্রের বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এ জন্য তিনি মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানান। ট্যাক্স বৃদ্ধির বিষয়ে একটি বিধিমালা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের ২০১৬-১৭ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স দ্বিগুন, তিনগুন নয়, বৃদ্ধি করা হয়েছে কয়েক শ’ গুন পর্যন্ত। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির এই অস্বাভাবিকতায় আতংকিত হয়ে পড়েন নগরবাসি।
মানুষের আর্থিক দিক বিবেচনায় না নিয়েই বৃদ্ধি করা হয়েছে সিটি করপোরেশনের কর-এমন অভিযোগ তাদের। নগরবাসী ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
নগরবাসীর এই দাবির পর রাসিক কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন এমপি বাদশা। এসময় ২০০ টাকার আপীল ফরমের দাম কমিয়ে তিনি ১০০’ টাকা বহাল করেন। সর্বশেষ এমপি বাদশা গত ২১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দেন।
স/আর










