সদ্য প্রকাশিত
রাজনীতি

রাসিক নির্বাচন: ১৩৮টি কেন্দ্রের ১১৪টিই ঝুঁকিপূর্ণ

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৮২ মিনিট পড়া
রাসিক নির্বাচন: ১৩৮টি কেন্দ্রের ১১৪টিই ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৩৮টির মধ্যে ১১৪টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ঘোষণা করা হয়েছে। বুধবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেন।

ইফতেখায়ের আলম বলেন, ‘এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, জনসংখ্যা, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দিক বিবেচনা করে ১১৪টি কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রেই র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়নের মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, ‘প্রতিটি কেন্দ্রে কতজন নিরাপত্তা সদস্য থাকবে, সেটি এখনো নির্ধারণ হয়নি। তবে কালকের মধ্যেই সে বিষয়টি নির্ধারণ করা হবে।’

এদিকে রাজশাহী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে মোট প্রার্থী দাঁড়িয়েছে ২১৭ জন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বতন্ত্র মুরাদ মোর্শেদ, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও ইসলামি আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম। আর ৩০টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী আছেন ১৬০ জন। এসব ওয়ার্ড মিলে সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদের প্রার্থী রয়েছেন ৫২ জন।

নগরীতে এবার মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে এক লাখ ৫৬ হাজার ৮৫ জন পুরুষ এবং এক লাখ ৫৬ হাজার ৮৫ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া এবার ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৭টি থেকে বেড়ে ১৩৮টি করা হয়েছে।

স/বি