সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সি নাভানলির ১৫ দিনের জেল হয়েছে।
রোববার মস্কোয় বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তার এ শাস্তি হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
সরকারের দুর্নীতির বিরুদ্ধে এ বিক্ষোভে অংশ নেওয়ায় গণগ্রেপ্তার চালায় রুশ পুলিশ। নাভানলিসহ কমপক্ষে ৫০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
নিষিদ্ধ এ বিক্ষোভ আয়োজন করায় সোমবার মস্কোর একটি আদালত নাভানলিকে ৩৫০ ডলার জরিমানা করেন। পরে তাকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়।
বিক্ষোভের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, বিরোধীরা আইন ভঙ্গ করতে এবং সহিংসতা উসকে দিতে বিক্ষোভের আয়োজন করে। প্রেসিডেন্টের এক মুখপাত্র দাবি করেছেন, বিক্ষোভে অংশ নিতে তরুণদের অর্থ দেওয়া হয়েছে।
বিরোধী নেতা নাভানলি প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। মূলত এ অভিযোগের ভিত্তিতে রোববার রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। সেন্টপিটার্সবার্গ, ভøাদিভস্টক, নভোসিব্রিস্ক, টমস্কসহ অন্যান্য শহর এবং মস্কোয় বিক্ষোভ হয়, যাতে অংশ নেন কয়েক হাজার বিক্ষোভকারী।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের তীব্র সমালোচনাকারী নাভানলি এর আগে একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে নাভানলির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন।
সূত্র: রাইজিংবিডি










