নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস পাওয়ার পর রোববার মধ্যরাতে প্রতিবাদ কর্মসূচি থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।
তবে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ছাত্রত্ব বাতিল ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগসহ কয়েকটি দাবিতে অনড় রয়েছেন তারা।

রোববার রাতে ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা করা হয়েছে-তা অত্যন্ত নিন্দনীয়।
“সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘটনায় সোমবার হল প্রশাসনের উদ্যোগে মামলা করা হবে। অন্য দাবি যথাযথ প্রক্রিয়া মেনে বাস্তবায়ন করা হবে।”
এদিকে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।









