রাজশাহী

রাবি শিক্ষিকা জলির নিথর দেহ পড়েছিল মশারির ভিতর: মৃত্যু নিয়ে রহস্য

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতকা বিভাগের শিক্ষিকা আকতার জাহান জলির (৪৫) মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘরের মধ্যে বিছানার ওপর মশারির ভিতর থেকে দরজা বন্ধ করা অবস্থায় শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

 

পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকেও আকতার জাহানের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে দাবি করেছেন। এ কারণেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

  • রামেক হাসপাতলের চিকিৎসক মহিনুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, শিক্ষিকা আকতার জাহানের মুখে লালা ছিল। ঠোটগুলোও কালো হয়ে গেছে। কেমিক্যাল জাতিয় কিছুর অস্তিত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের পর শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

রাবির একাধিক সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন তার সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আকতার জাহানকে বিছানায় পড়ে থাকতে দেখে। এরপর তাকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে আনার পরে চিকিৎসকরা ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

 

পরে পুলিশ শিক্ষিকা আকতার জাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠান।

 

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইউম জানান, ৬ তারিখে আকতার জাহানের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি ঢাকায় যাননি।

 

এরই মধ্যে আকতার জাহানের ছেলে সোয়াদ গতকাল বৃহস্পতিবার সারাদিন মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ঢাকা থেকে ফোন করে একই বিভাগের শিক্ষকদের বিষয়টি জানান। এরপর শিক্ষকরাও আকতার জাহানের মোবাইলে কল করেন। কিন্তু কেউ কল রিসিভ না করায় শিক্ষকদের কয়েকজন এবং রাবির কয়েকজন কর্মকর্তা বিকেল ৫টার দিকে আকতার জাহানের বাসায় যান।

 

সেখানে গিয়ে তাঁরা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ঘরের বিছানার ওপর মশারির মধ্যে পড়ে থাকা অবস্থায় আকতার জাহানের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আকতার জাহানকে মৃত ঘোষণা করেন। 

 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাসির হায়দার রানা জানান, কক্ষটি ভিতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে তিনি মারা গেছেন এ ব্যাপারে এখানো কিছু জানা যায়নি।

14269318_1629351207395579_2120969466_n

আকতার জাহান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি তানভীর আহমেদের প্রাক্তন স্ত্রী। বছর তিনেক আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘরের বিছানার মশারির ভেতরে আকতার লাশ পড়ে ছিল। তাঁর মুখ দিয়ে লাল ঝরার দাগ ছিল। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

স/আর