নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যায় প্ররোচনা গ্রেফতার সহকর্মী আতিকুর রহমান রাজার জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে হাইকোর্টের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।
আতিকুর রহমানের আইনজীবী আসলাম সরকার জানান, গত ৬ ডিসেম্বর হাইকোর্টে শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন। রবিবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৫ নভেম্বর শিক্ষক আকতার জাহান আত্মহত্যা প্ররোচনা মামলায় আতিকুর রহমানকে গ্রেফতার দেখায় পুলিশ।
এদিকে প্ররোচনার মামলায় গ্রেফতার থাকায় গত ২৯ নভেম্বর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় থেকে আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এসময় তার কক্ষ থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাতনামাদের নামে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন আকতার জাহানের ছোটো ভাই কামরুল হাসান।
স/অ










