রাজশাহীর খবর

রাবি ছাত্রলীগের নেতৃত্বে কি বিতর্কিতরাই আসছেন!

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের দুইদিন পেরিয়ে গেলেও নতুন নেতৃত্বের নাম ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় কমিটি। কে হচ্ছেন নতুন সভাপতি-সাধারণ সম্পাদক-তা নিয়ে চলছে নানা গুঞ্জন।  এদিকে নেতৃত্বে এগিয়ে থাকাদের নামে একের পর এক অভিযোগ আসছে।

 

এ অবস্থায় ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের বাইরেও বিতর্কিত নেতাদের নানা কর্মকাণ্ড এবং তাদের নেতৃত্ব পাওয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এনিয়ে কেউ কেউ বিষ্ময়ও প্রকাশ করেছেন-তাহলে কি এবারো রাবি ছাত্রলীগে বিতর্কিতরাই আসছেন নেতৃত্বে!

নেতৃত্বের দৌড়ে এখন বেশি আলোচিত হচ্ছেন সভাপতি প্রাথী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম (পদ নিয়ে বির্তক আছে)। সাধারণ সম্পাদক প্রার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও  সদস্য সাকিবুল হাসান বাকি।

 

হেভিওয়েট এই চার প্রার্থীর মধ্যে মিনারুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে গুঞ্জন চলছে। সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া ভাষা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী। তার বিরুদ্ধেও ক্যাম্পাসে অস্ত্রবাজির অভিযোগ রয়েছে।

 

  • সাধারণ সম্পাদক প্রার্থী কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের রুনু ছাত্রত্ব হারিয়েছেন। বিভিন্ন সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় তাকে।

লোকপ্রশাসন বিভাগের বাকি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাজশাহীতে বাড়ি বাকির বিরুদ্ধে রয়েছে সিট বাণিজ্য ও চাঁদার দাবিতে শিক্ষার্থী ও দলীয় কর্মীকে মারধরের অভিযোগ।

 

  • বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক নেতাকর্মী বলেন, ‘নানা জটিলতায় এখনো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ। অনেকে টাকার মাধ্যমে নেতৃত্বে আসার চেষ্টা করছেন। এক্ষেত্রে ২৫ লাখ টাকা লেনদেন হতে পারে।’

 

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রায় ৭০জন সিভি জমা দিয়েছেন।

স/আর