রাজশাহী

রাজশাহীর প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নিয়েছেন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

শনিবার বিকেলে নগরীর ১ নম্বর ওয়ার্ড এলাকায় মরহুমের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। দল ও সাধারণ মানুষের সেবায় মরহুম শহীদ আলম শহীদের অবদানের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, শহীদ আলম শহীদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। তাঁর মৃত্যুতে ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং স্থানীয় সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। অতীতে যেমন তাঁদের পাশে থাকা হয়েছে, ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাবেক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রিংকু, কাশিয়াডাঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম এবং কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম রনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিজানুর রহমান মিনু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, মরহুম শহীদ আলম শহীদ দীর্ঘদিন ধরে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। চলতি মাসের ৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।