নিজস্ব প্রতিবেদক:
পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহীর অভিজ্ঞতা নিতে তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা রাজশাহীতে এসেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় অংশ নিচ্ছেন তারা।
মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা ও ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এএসএম রাশেদুর রহমান। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
উদ্বোধনী বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান নগরগুলোকে সাজানোর নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।
তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরীর পরিচিতি ধরে রাখতে রাসিক নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পরিবেশসম্মত অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও নগরীর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে। রাজশাহীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে।
কর্মশালায় অংশ নেওয়া প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে উপকারী উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও শিক্ষা নগর ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রাখবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জন করে নিজ নিজ এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই কর্মশালার মূল লক্ষ্য। এক নগরীর সাফল্য অন্য নগরীর জন্য অনুকরণীয় হতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। সে অনুযায়ী দ্রুত বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জাইকার সহযোগিতায় এ কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত। রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম প্রশংসনীয়। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চান তারা।
কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী কর্মশালা শেষ হবে। এর অংশ হিসেবে প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, বর্জ্য স্থানান্তর কেন্দ্র, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা ও রাতের সড়ক পরিষ্কার কার্যক্রমসহ নগরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।










