রাজশাহী

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণ, নিরাপদ পরিযায়ন নিশ্চিত করা এবং পাখি শিকার ও পাচার বন্ধে জনসচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস।

শনিবার সকাল ১১টায় নগরের পদ্মা গার্ডেনসংলগ্ন রাজশাহী আধুনিক পাঠাগারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথ আয়োজনে এ সভা হয়।শহর খুঁজুন

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপার রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিনা বেগম, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসভাপতি মিজানুর রহমান, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক চিকিৎসক বি কে দাম, দুঃস্থ মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সরকার এবং বাপার পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী।

সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্যশৃঙ্খল সচল রাখতে পরিযায়ী পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাখি ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল উৎপাদনে সহায়তা করে। পাশাপাশি ফুলের পরাগায়ন এবং পরিবেশের সুস্থতা নির্দেশক হিসেবেও পাখির ভূমিকা রয়েছে। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতেও পাখি গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বক্তারা বলেন, পাখি প্রকৃতির অনন্য সৃষ্টি। তাই পাখি সংরক্ষণ করা সবার নৈতিক দায়িত্ব। এ জন্য পাখির আবাসস্থল ও বিচরণক্ষেত্র রক্ষার পাশাপাশি সামাজিকভাবে পাখি শিকারিদের প্রতিহত করতে হবে।সরকারি সেবা

আলোচনা সভা শেষে পরিযায়ী পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে পদ্মার তীরবর্তী এলাকায় লিফলেট বিতরণ করা হয়।