রাজশাহীর খবর

রাজশাহীতে গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে অপহরণের অভিযোগ

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী গণপূর্ত বিভাগের এক উপসহকারী প্রকৌশলীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে দুটি মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে নফিজ আহমেদ নামের ওই প্রকৌশলীকে আর পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ উপসহকারী প্রকৌশলী নফিজ আহমেদের বাবা আব্দুল মান্নান সন্তানের সন্ধান পেতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

 

নিখোঁজ নফিজের বাড়ি রাজশাহী নগরীর বালিয়া পুকুর এলাকায়। তিনি অফিসের কাজ শেষে সন্ধ্যা সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই অপহরণের শিকার হন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে গণপূর্ত বিভাগের আরেক উপসহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ সিল্কসিটি নিউজকে জানান, নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত গণপূর্ত অফিস থেকে কাজ শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে অফিসের প্রধান ফটকের সামনে দাঁড় করা একটি সাদা মাইক্রো ও একটি অ্যাস কালার হাইস গাড়ীতে করে কয়েকজন দুর্বৃত্ত এসে নফিজ আহমেদকে তুলে নিয়ে যায়।

 

এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে নিখোঁজ নফিজের বাবা নগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ। তিনি বলেন, নিখোঁজ প্রকৌশলী নফিজকে উদ্ধারের সব চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তাকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে-তা নিশ্চিত হওয়া যায়নি।

স/আর