নিজস্ব প্রতিবেদক:
নতুন প্রজন্মকে আত্মরক্ষার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাসে গড়ে তুলতে কারাতে চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সিটি করপোরেশন কারাতে চর্চাসহ বিভিন্ন ক্রীড়া উদ্যোগে সহযোগিতা করবে। আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট আয়োজন করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্পে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১৩৫ জন প্রতিযোগী অংশ নেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, কারাতে কেবল আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ খেলাটির চর্চা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণ ও খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে। ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের ভাতা প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে রাজশাহীর ক্রীড়াঙ্গনে অবদান রাখা প্রয়াত কৃতী ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় তাদের অংশগ্রহণে কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমদাদুল হক ও ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান।
ব্ল্যাক বেল্ট পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কারাতে কোচ মো. জসিম উদ্দীন এবং ফেডারেশনের রেফারি কমিশনের সম্পাদক মো. শফিকুল আজম রাসেল।
অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যসচিব শেখ মাহমুদুন্নবী তুষার। এ সময় ব্যবসায়ী খাজা তারেক সিজার, কে এম আবুল কালাম রহমান, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ সখিনা খাতুন, কোষাধ্যক্ষ জরিনা খাতুন, সদস্য বীথি মনি ও লাভলী হাসানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।










