রাজশাহী

রাজশাহী মহানগরীতে আরএমপি’র  অভিযানে ৮  অসাধু ব্যবসায়ী গ্রেপ্তার , নগদ অর্থ ও অটো রিক্সা জব্দ

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি, মতিহার, বেলপুকুর, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়েছে।

 

গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ভোলাবাড়ী এলাকার পদ্মা কোল্ড স্টোরেজ এর সামনে অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: খলিলের ছেলে মো: মানিক (৩১) এবং একই গ্রামের মো: মনির হোসেনের ছেলে মো: ওসমান গনি (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অপরদিকে মতিহার থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খড়খড়ি এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে খড়খড়ি (জোলপাড়া) গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো: শান্ত ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩২৫ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়।

 

এছাড়া বেলপুকুর থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ৮টার দিকে দক্ষিণ জামিরা এলাকার মো: তেসান আলীর ছেলে মো: আল-আমিন (২২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আল-আমিনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, বোয়ালিয়া থানা পুলিশ গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে বালিয়া পুকুর ছোট বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে বালিয়াপুকুর (বৌঁ বাজার) গ্রামের মো: মঞ্জুর আলীর ছেলে মো: মিরাজ হোসেন অপু (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তাছাড়াও, বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে শেখেরচক এলাকার শাহমখদুম কলেজের সামনে অভিযান পরিচালনা করে শেখেরচক গ্রামের মো: ডাবলুর ছেলে সাব্বির (২০) এবং শেখেরচক (পাচানী মাঠ) গ্রামের মোবারক ফকিরের ছেলে মো: শাকিল (২১)-কে গ্রেপ্তার করে। এসময় সাব্বিরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি শাকিল দীর্ঘদিন যাবৎ সাব্বিরের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

 

অপরদিকে রাজপাড়া থানা পুলিশ গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে বুলনপুর মৌজাস্থ কোর্টের ২নং উকিল বারের ২য় তলার ২নং ব্লকে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দূর্গাপুর থানার সায়বাড় গ্রামের মৃত ভুলুর ছেলে মো: সাত্তার আলী (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সাত্তারের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় ১টি নারী ও শিশু দমন আইনে মামলা রয়েছে।

 

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।