সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

রপ্তানিযোগ্য ব্যাগিং পদ্ধতির আম নিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা

নিউজ ডেস্ক১২ জুন ২০১৭৪ মিনিট পড়া
রপ্তানিযোগ্য ব্যাগিং পদ্ধতির আম নিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা

নিজস্ব প্রতিবেদক: ব্যাগিং পদ্ধতির কেমিক্যালমুক্ত আমের চাহিদা গত কয়েক বছর ধরেই বাড়ছে। সে আশায় এবারও চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর শত শত কৃষক এ পদ্ধতিতে আম চাষ করেন।

কিন্তু এবার সেই আম নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা পড়েছে বেশি বিপাকে। কারণ এখানেই ব্যাগিং পদ্ধিতে সবেচেয়ে বেশি আমের উৎপাদন হয়। এই পদ্ধতির আবিষ্কারও হয় স্থানীয় পর্যায়ে। বলা যায়, আম নিয়ে চরম উদ্বিগ্ন ও উত্কণ্ঠার মধ্যে এখন দিন পার করছে আম চাষিরা।

 

রপ্তানিকারকদের দেওয়া তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জের তালিকাভুক্ত আম চাষিদের বাগান থেকে ব্যাগিং পদ্ধতির আম রপ্তানিযোগ্য করার জন্য প্রথমেই ১০০টি আমের মধ্যে অন্তত ৬০টি বাদ দিয়ে ৪০টি ঢাকার শ্যামপুরের অবস্থিত সেন্ট্রাল প্যাকিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এবার আরো অন্তত ২০টি করে আম ফ্রুট ফ্লাই না থাকলেও উপরে সামান্য দাগ থাকায় বাদ দেওয়া হচ্ছে। ফলে শেষ পর্যন্ত একজন রপ্তানিকারকের ১০০টি আম গিয়ে ঠেকছে ২০টিতে। অথবা ১০০ কেজি ব্যাগিং পদ্ধতির আম গিয়ে ঠেকছে ২০ কেজিতে। এতে রপ্তানিকারকরা লোকসানের মধ্যে পড়েছে।

এক রপ্তানিকারক জানান, কয়েক দিন আগে চাষির বাগান থেকে ৭৯০ কেজি আম নিয়ে যাওয়ার পর ৪০০ কেজিই বাদ দিয়ে দেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্তারা। অথচ এসব আম গতবারের চেয়ে আরো বেশি ভালো ছিল।

রপ্তানিকারক ও বায়ারদের আপত্তি না থাকলেও আমের মান নিয়ে অযাচিত শর্ত আরোপের ফলে রপ্তানি এখনো শুরু হয়নি বলা যায়। অথচ এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৬ হাজার হেক্টর জমির মধ্যে শিবগঞ্জে ১৬ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এর মধ্যে নিরাপদ, রপ্তানিযোগ্য ও স্বাস্থ্যসম্মত আম উৎপাদন হয়েছে অন্তত ১৮ হাজার মেট্রিক টন।

গত বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ২০০ মেট্রিক টন আম রপ্তানি হয়। গত বছর এমকে এন্টারপ্রাইজের মাধ্যমে ইউকে-তে ৮২ মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। কিন্তু এবার ঢাকার শ্যামপুরে জটিলতা ও শর্ত আরোপসহ আম যাচাই-বাছাই করে বিপুল পরিমাণ বাদ দেওয়ার কারণে রপ্তানিকারকরা আগ্রহ হারিয়ে ফেলছেন বলে তাঁরা দাবি করেছেন। রপ্তানির লক্ষ্যমাত্রাও এবার পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

আম রপ্তানিকারক প্রতিষ্ঠান তাসিন এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল হোসেন জানান, তাঁরা এবার প্রায় ২২ মেট্রিক টন আম রপ্তানি করেছেন। এখনো বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য আম বাগানের গাছেই আছে। এবার প্রায় ৩ কোটি আম ফ্রুট ব্যাগিং করেছেন তালিকাভুক্ত চাষি ও বাগান মালিকদের মাধ্যমে। ’

আম চাষি আকতার হোসেন, অধ্যাপক সোহরাব, আব্দুল কাইয়ুমসহ আরো অনেকেই জানান, তাঁরা তালিকাভুক্ত আম চাষি। গতবারের চেয়ে এবার রপ্তানির লক্ষ্যে অনেক বেশি পরিমাণে রপ্তানিযোগ্য কেমিক্যালমুক্ত আম উৎপাদন করেন। কিন্তু এবার রপ্তানিকারক যেসব শর্ত দিচ্ছেন, তাতে বেশির ভাগই বাদ পড়বে। আবার উচ্চমানের এই আম স্থানীয় বাজারে বিক্রি করেও ঠিকমতো দাম পাওয়া যাবে না। এতে করে আম চাষিরাও লোকসানের মুখে পড়বে।

তবে কৃষি বিভাগের ঢাকা শ্যামপুর প্ল্যান করেন্টাইন উইং সেন্ট্রাল প্যাকিং হাউসে দায়িত্বে থাকা অতিরিক্ত উপপরিচালক মনির হোসেন জানান, ফ্রুট ফ্লাই পরীক্ষার জন্য এখানে রপ্তানিকারকরা রপ্তানির জন্য আম নিয়ে আসে। এখানকার ছাড়পত্র পাওয়ার পর জাহাজের কনটেইনারে করে আমসহ অন্য পণ্য বিদেশে যায়। এখানে যেসব আমের গুণগত মান ভালো নয়, সেগুলোর ছাড়পত্র দেওয়া হয় না। ’

ঢাকার খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের করেন্টাইন সংগনিরোধ কীটতত্ত্ব বিভাগের উপপরিচালক আনোয়ার হোসেন খান বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম একটু দেরিতে পাকে। তাই পোকামাকড়ও বেশি থাকে। ফলে বিদেশে রপ্তানিতে সে দেশের নীতি অনুসরণ করেই আম যাচাই-বাছাই করে পাঠানো হচ্ছে।

তিনি আরো জানান, গত বছর ২৮৮ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। এবারও হয়তো সে পরিমাণ আম রপ্তানি হবে।

স/আর