সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রংপুরে রেল কর্মকর্তাদের ওপর হামলা: প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রংপুরে রেল কর্মকর্তাদের ওপর হামলা: প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

গত শনিবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধরের ঘটনার প্রতিবাদে আজ সোমবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছেন রেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে তারা পশ্চিমাঞ্চল রেল ভবনে এ কর্মসূচি পালন করেন।

 

এসময় হামলাকারী আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পশ্চিমাঞ্চল রেল ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি গিয়ে শেষ হয় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলমের কক্ষের সামনে।

 

এসময় বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল রেলভবন শ্রমিক লীগের সভাপতি মোতাহার হোসেন বুলু ও ওপনে লাইন শাখা শ্রমিক লীগের সভাপতি জহুরুল ইসলাম। এসময় তারা ওই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

এর আগে গত শনিবার সকাল ১০টার দিকে রেলের যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে রংপুর রেল ভবন কার্যালয়ে কর্মকর্তাদের বৈঠক বসে। বৈঠকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক মিহিরকান্তি গুহ ও উপবাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ জিন্নাহ উপস্থিত ছিলেন।

 

বেলা ১১টার দিকে রংপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল ও ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনুর নেতৃত্বে একদল লোক ভিতরে প্রবেশ করেন। এসময় আওয়ামী লীগের ওই নেতাদের নেতৃত্বে রেলওয়ে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

 

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ট্রেন চলাচল বন্ধ করে দেন। রংপুর রেলওয়ে জিআরপি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএসআই) ইদ্রিস আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীরা লাইন অবরোধ তুলে নেন।

 

তবে সোমবারের আন্দোলন সম্পর্কে জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক মিহিরকান্তি গুহ বলেন, ‘আমাদের ওপর হামলা হয়েছে। এ হামলার প্রতিবাদে শ্রমিক লীগের নেতারা বিক্ষোভ করেছেন বলে শুনেছি ।’

স/আর