নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর ধামইরহটে অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয় বিক্রির দায়ে এক দোকানিকে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএইচএম মাগফুরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ড পাওয়া দোকানি আলমগীর হোসেন (২২) উপজেলার কুচকুরুলিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব-৫)- এর জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে অভিযান চালায়।
এ সময় ২২১ বোতল অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয়সহ আলমগীর হোসেন নামে ওই দোকানিকে আটক করে র্যাব। পরে ইউএনও মাগফুরুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
স/আর










