আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল-হামাস?

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় টানা ৪৪ দিন ধরে যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। এসবের মধ্যে মসজিদ, গির্জা, স্কুল চার্চ ও হাসপাতালও আছে।

এদিকে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং হামাস একটি সম্বাব্য চুক্তির দ্বারপ্রান্তে। হামাসের কাছে জিম্মি কয়েক বন্দীর বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি হতে পারে।

এই চুক্তির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির বরাত দিয়ে মার্কিন এ মিডিয়া জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হতে পারে। তবে ওয়াশিংটন পোস্টের এ রিপোর্ট নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইসরায়েল।

রিপোর্টে আরও বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, ‘এখন পর্যন্ত চুক্তি হয়নি তবে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি করতে কাজ চলছে।’

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০। আহত তিন হাজারের বেশি। এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে, এই চুক্তির জন্য দোহা এবং কাতারে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাসের কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহব্যাপী আলোচনা হয়েছে এবং সেখানেই এই চুক্তির বিষয়ে একটি খসড়া করা হয়। আরব ও অন্যান্য কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কাতারের মধ্যস্থতায় এই চুক্তির বিষয়ে কথা হয়।

তবে এটি স্পষ্ট নয় ইসরায়েলি বাহিনী গাজায় সাময়িকভাবে যুদ্ধবিরতিতে যেতে রাজি হবে কিনা। ছয় পৃষ্ঠার চুক্তিতে বলা হয়েছে, সকল পক্ষকে অন্তত পাঁচদিনের জন্য অভিযান স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে এবং প্রতি ২৪ ঘণ্টায় ৫০ বা বেশি জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

তবে এই চুক্তির অধীনে ঠিক কতজন জিম্মি মুক্তি পাবে-এটিও স্পষ্ট নয়।

ট্যাগ: