রাজশাহী

মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত; মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। উপজেলার সাঁকোয়া গ্রামে শনিবার রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী–নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মোহনপুর থানার ওসি এসএম মইনুদ্দিন জানান, বিক্ষোভকারীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।