সদ্য প্রকাশিত
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
শিল্প ও সাহিত্য

মোয়াজ্জেমের হাতে যে অমূল্য রতন

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৫৬ মিনিট পড়া
মোয়াজ্জেমের হাতে যে অমূল্য রতন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এটি এমন এক পাঠাগার, যা থেকে তথ্যগত সাহায্য নিয়ে এ পর্যন্ত পিএইচডি করেছেন অন্তত ১০ জন গবেষক। আর এই অমূল্য রতন পাঠাগারটি রয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকা পানিহার গ্রামে।

উপজেলা সদর থেকে গ্রামটি প্রায় ১২ কিলোমিটার দূরে। গোদাগাড়ী থেকে পানিহার লাইব্রেরির সামনে যখন পৌঁছলাম, সূর্য তখন ডুবছে।

ভেতরে ঢুকে দেখি, কয়েকজন শিশু ঘিরে ধরেছে মাঝবয়সী এক ভদ্রলোককে। সবার হাতে বই। কে কোন বই নিয়েছে, সেটা খাতায় লিখে রাখছেন ভদ্রলোক।
খুদে পাঠকদের একজন মুনমুন আহমেদ।

চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থীর হাতে ‘ভূতের নাতি ও লাল পরী’। সে বলল, ‘পাঁচ-ছয় দিন পর এটি ফেরত দিয়ে নতুন বই নেব।’
সঙ্গে থাকা তৃতীয় শ্রেণির তামান্নাও এই পাঠাগারের নিয়মিত পাঠক। সে বলল, ‘হুমায়ূন আহমেদের একটা বই নিয়েছি।

‘বোকাভতূ’ নাম। ভূতের গল্প পড়তে খুব ভালো লাগে আমার।’ ওদের সঙ্গে কথা বলতে বলতেই চেয়ার ছেড়ে উঠে এলেন সেই ভদ্রলোক। হাত বাড়িয়ে বললেন, ‘ওরা নিয়মিত আসে লাইব্রেরিতে। বই নিলে লিখে রাখি।

ওরা নতুন বই নিতে চায়। নতুন বই কম। তবে আমাদের এখানে যে দুর্লভ বই ও সাময়িক পত্র আছে, তা হয়তো দেশের অন্য কোনো পাঠাগারে নেই। চলুন, আপনাকে ঘুরিয়ে দেখাই।’
মোয়াজ্জেমের হাতে যে অমূল্য রতনভদ্রলোকের নাম মোয়াজ্জেম হোসেন। বাবা কৃষক। মা গৃহিণী। ৯ ভাই-বোনের মধ্যে সপ্তম তিনি। এইচএসসির পর আর পড়া হয়নি। প্রায় ২০ বছর ধরে বিনা বেতনে পাঠাগারের অমূল্য রতন আগলে রেখেছেন। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মনের আনন্দে কাজ করছেন। পাঠাগারের প্রতিটি কোনায় যেন তাঁর মমতার ছাপ। তিনি নিজেও মনোযোগী পাঠক। প্রিয় লেখক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রায় সব বই পড়া হয়ে গেছে মোয়াজ্জেমের।

ভাণ্ডারে বিবিধ রতন : মোয়াজ্জেম হোসেন জানালেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাই মূলত এই পাঠাগারের পাঠক। অনেকে এখানে আসেন থিসিস করতে। ১৯৪৫ সালে নিজের ভিটাবাড়িতে পাঠাগারটি তৈরি করেন বইপ্রেমী এনায়েত উল্লাহ। এনায়েত মাস্টার নামেই যিনি বেশি পরিচিত ছিলেন। পানিহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। ১৯৫৮ সালে এটি পানিহার পাবলিক লাইব্রেরি নামে মঞ্জুরি লাভ করে। এখানে এমন সব দুর্লভ বই ও পত্রিকার সংকলন রয়েছে, যা দেশের অন্য কোনো লাইব্রেরিতে আছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে মোয়াজ্জেমের।

তিন কক্ষের পাঠাগার। মাঝের কক্ষটি পাঠকদের জন্য। সেখানে রয়েছে চারটি টেবিল ও ২০টির মতো চেয়ার। ৮০ বছর বয়সী এ পাঠাগারের আলমারিগুলো বিষয়ভিত্তিক বইয়ে ঠাসা। কাঠের আলমারি মোট ২৬টি। নতুন দুটি বুকশেলফ বানানো হয়েছে স্টিলের। একসময় এখানে ১২ হাজার বই থাকলেও বর্তমানে বই আছে আট হাজারের মতো। এখানে রয়েছে প্রায় শত বছরের পুরনো বিভিন্ন দুর্লভ ও দুষ্প্রাপ্য বই এবং সাময়িকী। ১৩৩৫ বঙ্গাব্দে প্রকাশিত মাসিক মোহাম্মদী, সওগাত, কৃষিকথা, মাহে নও, শনিবারের চিঠি, পাক-সমাচার, নওবাহার, ঝিনুক, ফ্রি ওয়ার্ল্ড থেকে শুরু করে ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, অভিধান, মনীষীদের জীবনীসহ বিভিন্ন ধরনের বইয়ে সমৃদ্ধ এই পাঠাগার।

মাটির ঘরে যাত্রা শুরু : পানিহার লাইব্রেরি গড়ে ওঠে মাটির ঘরে। পরে যদিও পাশেই পাকা ঘর তৈরি হয়। তবে বহু বছরের পুরনো সেই মাটির ঘরটি এখনো ব্যবহৃত হচ্ছে। সেখানে প্রতিবছর শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান হয়। পানিহার লাইব্রেরি অসাম্প্রদায়িকতার প্রতীক। ৮০ বছরের পুরনো বুকশেলফগুলোও সেই সাক্ষ্য দিচ্ছে। এনায়েত উল্লাহ লাইব্রেরিটি প্রতিষ্ঠা করলেও শেলফগুলো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল, মুণ্ডাসহ সব ধর্ম-বর্ণের মানুষ নিজ পয়সায় কিনে দিয়েছিল বলে জানালেন মোয়াজ্জেম।

এনায়েত বই পড়তে খুব ভালোবাসতেন। পড়তে গিয়েছিলেন ভারতের মুর্শিদাবাদের নবাব বাহাদুর হাই স্কুলে। মা-বাবার একমাত্র ছেলে। এনট্রান্স পরীক্ষার পর বাবার মৃত্যু হয়। খবর পেয়ে দেশে ফেরেন। মানসিকভাবে ভেঙে পড়েন। কষ্ট ভুলতে ডুব দেন বইয়ের সমুদ্রে। বাজার থেকে বই কিনে নিজের কাছে সংরক্ষণ করতেন। মাঠে শ্রমিকদের কাজ তদারকি করতে গেলেও সঙ্গে থাকত বই। জমির আইলে বসে পড়তেন।

এক পর্যায়ে তিনি পাঠাগার করার উদ্যোগ নেন। ১৯৪৫ সালে যাত্রা শুরু পানিহার লাইব্রেরির। শুরুতে শখানেক বই ছিল। বেশির ভাগই কলকাতা থেকে প্রকাশিত। ভিপিযোগে অনেক বই আনিয়েছেন কলকাতা থেকে। ১৯৭৫ সালে তিনি মারা যান।

বিদ্যালয়ে শিক্ষকতা করার সময় এনায়েত উল্লাহ ব্যক্তিগত প্রচেষ্টায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে এই পাঠাগারের জন্য বইগুলো সংগ্রহ করেন।

এনায়েতের মৃত্যুর পর পাঠাগারটি একটি পরিচালনা কমিটির মাধ্যমে চলছে। কয়েক হাত ঘুরে এখন এটির দেখভালে রয়েছেন মোয়াজ্জেম।

অনেকেই এসেছিলেন : এখন প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকে পাঠাগার। বিকেলে খোলা হয় দরকারমতো। পাশেই বাসা মোয়াজ্জেমের। পাঠাগারের বাইরের দেয়ালে তাঁর মোবাইল ফোন নম্বর দেওয়া আছে। বিকেলে বা সন্ধ্যায় কেউ পাঠাগারে বসে পড়তে বা বই নিতে চাইলে ফোন করলেই তিনি হাজির। মুঠোফোনের এই যুগে অন্যান্য জায়গার মতো পানিহারেও বইয়ের পাঠক কমেছে। এখন দৈনিক গড়ে ১৫ জন পাঠক বই নিতে আসেন বলে জানালেন মোয়াজ্জেম।

মোয়াজ্জেমের হাতে যে অমূল্য রতন

পানিহার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা এনায়েত উল্লাহ

 

এই পাঠাগারে এসেছিলেন পল্লীকবি জসীম উদ্দীন, কবি বন্দে আলী মিয়া, ইলা মিত্রসহ অনেক বিশিষ্ট ব্যক্তি, কবি ও সাহিত্যিক। ১৯৭৫ সালের ৯ এপ্রিল পাঠাগার পরিদর্শন বইয়ের এক স্থানে কবি বন্দে আলী মিয়া লিখেছেন, ‘শহরের আবেষ্টনী হতে বহুদূরে পল্লীর নিভৃত কোণে এই পাঠাগার। এখানে এসে পাঠাগারের গ্রন্থাবলীর বৈচিত্র্য এবং সংখ্যা দর্শন করে বিস্মিত হলাম।’

১৯৭৯ সালের ২৭ নভেম্বর জাইদুল ইসলাম নামের এক পাঠক লিখেছেন, ‘দীর্ঘ পাঁচ মাইল পথ পায়ে হেঁটে পানিহারে আসার সময় নিজের প্রতিই ভীষণ ক্ষুব্ধ হচ্ছিলাম।…আসার সময় বারংবার মনে হচ্ছিল যেখানে আলো নেই, সভ্যতার বাইরে যারা বাস করে সেখানে আবার লাইব্রেরি? অথচ এসে আমার চক্ষু চড়কগাছ। সত্যি এ এক অগাধ জ্ঞানের সংগ্রহই বটে, যার কূল আমি হয়তো বা কোনো দিনই পাবো না।’

গত বছর সেখানে গিয়েছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি লিখেছেন, ‘পানিহার পাবলিক লাইব্রেরিতে এসে মুগ্ধ হলাম।…সঠিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার ভেতর দিয়ে আমাদের জ্ঞানপ্রদীপের সলতে জ্বলে উঠুক।’

পারিশ্রমিক বড় নয় : এখন ১৩ সদস্যের পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হয় লাইব্রেরির কার্যক্রম। মোয়াজ্জেম কমিটির সদস্য এবং লাইব্রেরির গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কেন আপনি এখানে এত শ্রম দেন—জানতে চাইলে মোয়াজ্জেম বলেন, ‘পূর্বপুরুষরা আলো ছড়ানো এই প্রতিষ্ঠান করে গেছেন, এটাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত ব্যক্তিরা এখানে আসেন। অনেক ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে পিএইচডির তথ্য সহায়তা নিতে আসেন। বছর দুয়েক আগে এক তরুণ এসে ‘কৃষক’ পত্রিকা খুঁজলেন। দেশের সরকারি-বেসরকারি প্রায় সব লাইব্রেরিতে হন্যে হয়ে খুঁজেও পত্রিকাটি পাননি তিনি। কিন্তু পানিহারে পেয়েছেন। এটা আমাদের জন্য বড় পাওয়া। তাই পারিশ্রমিকের আশা না করে শ্রম দিয়ে যাচ্ছি।’

মোয়াজ্জেম বললেন, ‘পুরনো কাঠের আলমারিতে বইগুলো যথাযথভাবে সংরক্ষণ করা মুশকিল। তবু সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সরকার যদি মাটির ঘরের জায়গায় পাঠাগারের জন্য নতুন ভবন করে দেয়, সেখানে নতুন বুকশেলফসহ আনুষঙ্গিক সুবিধার ব্যবস্থা করে, তাহলে টিকে থাকবে এই অমূল্য রতন।’