নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইকারীদের কবলে পড়েন এক যাত্রী। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থল থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।
আটকরা হলেন কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেনটি কালিয়াকৈরের উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোনারুলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ট্রেনে ছিনতাই ও যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি ফয়সল বিন আহসান বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে। তারা এ বিষয়ে সহযোগিতা করছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা রেলওয়ে জেলা ঘটনাটি তদন্ত করছে।










