সদ্য প্রকাশিত
রাজনীতি

মিছিল-স্লোগানের হরতালে সাড়া মেলেনি তেমন

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৯৩ মিনিট পড়া
মিছিল-স্লোগানের হরতালে সাড়া মেলেনি তেমন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল রোববার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি।

সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেস ক্লাবসহ কিছু এলাকায় সড়ক অবরোধ করে মিছিল-সমাবেশ করেছে সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনসহ বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নতুন কর্মসূচি অনুযায়ী গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে ১৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এদিকে হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

৩০ জুন সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে ৭ জুলাই দেশজুড়ে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে সকাল থেকে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা শাহবাগ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।

এতে ওই রুটে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও রাজধানীর অন্যান্য সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

সকালের দিকেই প্রগতিশীল ছাত্রজোটের শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগ চত্বরে সমবেত হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি জোবায়ের প্রধানসহ আরও অনেককে দেখা যায়। তবে বৃষ্টির কারণে তারা রাস্তা থেকে কিছু সময়ের জন্য সরে গেলেও পরে তারা আবার জড়ো হয়ে পুরো সড়কের নিয়ন্ত্রণ নেয়।

এ সময় সায়েন্স ল্যাবরেটরি থেকে আসা শাহবাগমুখী সব গাড়ি কাঁটাবন সিগন্যাল থেকে হাতিরপুল ও নীলক্ষেতের দিকে ঘুরিয়ে দেয়া হয়। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা এবং পল্টন মোড়ের আংশিক দখলে নিয়ে হরতালের সমর্থনে মিছিল স্লোগান দেন জোটের নেতাকর্মীরা। সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে জোটের নেতাকর্মীদের হরতাল পালনে বাধা দেয়া হয়েছে। জয়পুরহাট, ময়মনসিংহ ও ঢাকায় কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দিয়েছে পুলিশ।

হরতালে বিএনপি ও শরিক কয়েকটি দল সমর্থন দিলেও তাদের কাউকে মাঠে দেখা যায়নি। এদিকে গ্যাসের দাম বৃদ্ধি, সিলিন্ডার গ্যাসের দাম কমানো এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গণদাবির হরতালে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে জনতার ওপর সরকারের চাপিয়ে দেয়া জুলুমের সমুচিত জবাব দেয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান। নেতারা বলেন, জনগণের আন্দোলন দমনে শাসকগোষ্ঠী যতই হামলা-নির্যাতন-গ্রেফতার করুক না কেন, সিপিবি দেশের অপরাপর বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে জনতার বিজয় ছিনিয়ে আনবেই।