নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ সারা দেশে সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় প্রসাদপুর বাজারে উপজেলার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা কমিটির প্রবীন সদস্য নিশীত কুমার প্রামাণিকের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক ময়নূল হক মুকুল, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. এসএম ফজলুর রহমান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় নেতা প্রদ্যুত ফৌজদার, কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিপিবির সমাবেশে বক্তারা বলেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায় ও গোবিন্দগঞ্জে আদিবাসীদের উপর হামলা এবং মান্দার প্রসাদপুরে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা একসূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা অথচ স্বাধীনতার ৪৬ বছর পরেও ধর্মীয় সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে। এ জন্য স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা দলগুলো দায়ী। নেতৃবৃন্দ দেশের অর্থনৈতিক-রাজনৈতিক সঙ্কট ও সাম্প্রদায়িকতার মহাবিপদ থেকে উত্ততরণের জন্য কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ’৭২ এর সংবিধানের ভিত্তিতে আওয়ামী লীগ ও বিএনপির দ্বি-দলীয় রাজনৈতিক মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প প্রতিষ্ঠার আহ্বান জানান।

জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার বুড়িদহ গ্রামের মৃত বিজন ঘোষের ছেলে সুমন ঘোষ (২৫) প্রসাদপুর বাজার থেকে স্থানীয় এক কিশোরীকে (১৭) তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা সুমন ও তাঁর সহযোগী আশরাফুলকে আটক করে মারধর করে। ওই বিরোধের জেরকে কেন্দ্র করে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মহিদুল হকের নেতৃত্বে সন্ত্রাসীরা মেয়েপক্ষের বাড়িঘর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, বাজারের হিন্দু পল্লীর বাসিন্দা গোবিন্দ গোস্বামীর বাড়ি, বাজারের বাপ্পী নাগ ও দেবুর দোকানে ভাঙচুর চালায়।
স/অ










