নিজস্ব প্রতিবেদক:
প্রতিপক্ষের সঙ্গে বিদ্যুতের লাইন নিয়ে দ্বন্দ্ব চলছিল নওগাঁর মান্দার কাঁশোপাড়া গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম ওরফে জিএসের (৩০)। তাঁর জের ধরেই প্রতিপক্ষের হয়ে র্যাব জিএসকে আটকের পর পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শামিমা আক্তার। এ নিয়ে তিনি গত সোমবার নওগাঁর আদালতে মামলাও করেছেন। আজ বৃহস্পতিবার মামলার পরবর্তী আদেশ জারি হওয়ার কথা রয়েছে। মামলায় র্যাব জয়পুরহাট ক্যাম্পের কম্পানি কমান্ডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ ও স্থানীয় আট ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২০-২৫ জন র্যাব সদস্যকে আসামি করা হয়েছে।
স্থানীয় ওই আট ব্যক্তির যোগসাজশে জিএসকে র্যাব তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নওগাঁর মুখ্য বিচারিক আদালত আবদুল মালেকের আদালতে মামলার আরজি দাখিল করা হয়েছে।

আদালত সূত্র মতে, ওই মামলাটির আজ আদেশের দিন ধার্য রয়েছে। এর জন্য বাদীকে ওই আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। নিহত মাজহারুল ইসলাম ওরফে জিএস নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাঁশোপাড়া গ্রামের আনিসুর রহমানের ছোট ছেলে।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন কাঁশোপাড়া গ্রামের শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুল মজিদ, আব্দুস সাত্তার, সেলিম উদ্দিন ও রাজ্জাক হোসেন ভরট্ট; কাঠেরডাঙ্গা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান মোল্লা ও পারকুলিহার গ্রামের রফিকুল ইসলাম।
র্যাব ঘটনার পর দাবি করে, জিএস অস্ত্র ব্যবসায়ী ছিলেন। গত ৮ সেপ্টেম্বর তাঁকে আটকের পর অস্ত্র উদ্ধারের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও সুরতহাল রিপোর্টে জিএসের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে দাবি করেছিলেন ম্যাজিস্ট্রেট।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাঁশোপাড়া গ্রামের শহিদুলের সঙ্গে পাশের সিংগীবাজারে যান মাজহারুল ইসলাম জিএস। সন্ধ্যা ৭টার দিকে সাত-আটটি মোটরসাইকেলে ২০-২৫ জন সাদা পোশাকধারী ব্যক্তি নিজেদের র্যাব পরিচয় দিয়ে বাজারের পচা সরদারের মোড় থেকে জিএসকে আটক করে। এ সময় তাঁকে বেদম মারধর করা হয়। পরে একটি বাড়িতে নিয়ে দোতলার একটি কক্ষে আটকে রেখে রাত ২টা পর্যন্ত তাঁর ওপর নির্যাতন চালান র্যাব সদস্যরা। রক্তাক্ত অবস্থায় রাত ২টার দিকে তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। ভোরের দিকে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে মৃত্যুর খবর পায় স্বজনরা। এ ঘটনায় জিএসের স্ত্রী শামিমা আক্তার মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
জিএসের বড় ভাই আজহারুল ইসলাম ওরফে জিএন বলেন, ‘আমার ছোট ভাই মাজহার প্রায় পাঁচ বছর মালয়েশিয়ায় ছিল। পাঁচ বছর আগে সে দেশে ফিরে আসে। আমাদের বসতবাড়ির ওপর দিয়ে কাঁশোপাড়া গ্রামের পূর্বপাড়ায় বিদ্যুৎ সংযোগের তার টানা নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের লোকজন ও স্থানীয় কয়েকজনের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে গত ১৮ আগস্ট মাজহারের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। ওই ঘটনার পরে ঈদের দুই দিন আগে স্থানীয় থানা পুলিশের মধ্যস্থতায় মাজহারের ২০ হাজার এবং গ্রামের মজিদ, রাজ্জাক ও সেলিমের ১৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সালিসের পর মজিদ, রাজ্জাক ও সেলিম তার ভাইকে আরো চরম মূল্য দিতে হবে বলে শাসায়। এরই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর মাজহারুলকে তুলে নিয়ে গিয়ে র্যাব পিটিয়ে হত্যা করে। ’
মাজহারুলের বাবা আনিসুর রহমান বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে এর আগে কোনো ধরনের অভিযোগ ছিল না। এলাকার কেউ বলতেও পারবে না সে কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত। কিন্তু তার পরও আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ’
জানতে চাইলে র্যাব রাজশাহী-৫-এর অধিনায়ক মাহবুব আলম বলেন, ‘যে কেউ আইনের আশ্রয় নিতে পারে। এখন আদালতের বিষয় এটি। আদালত মামলাটি গ্রহণ নাও করতে পারেন। ’
মাজহারুলের লাশের ময়নাতদন্তকারী রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান এনামুল হক গতকাল বলেন, ‘এখনো ময়নাতদন্ত রিপোর্ট দিতে পারিনি। ময়নাতদন্তের সময় নিহত মাজহারুলের শরীরে আঘাতের পাঁচ-সাতটি চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্টে এসব উল্লেখ করা হবে। ’
স/আর










