মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজে দুই বেলার এ পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের সমন্বয়ক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এসব পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অবাধ, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো দেশের প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করছে। মান্দার শিক্ষার্থীরাও নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, মান্দা উপজেলায় প্রতিবছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এ বছরও একইভাবে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়টি শিক্ষার্থীদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে বলেও অনেকে মন্তব্য করেন।









