সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ব্রেক্সিট শুরুর চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বাক্ষর

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ব্রেক্সিট শুরুর চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বাক্ষর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বিদায় (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু করতে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার স্বাক্ষরিত এই চিঠিটি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে হস্তান্তর করা হবে।

ডোনাল্ড টাস্কের কাছে চিঠিটি হস্তান্তর করার পরই শুরু হবে ব্রেক্সিটের শর্তাবলী নিয়ে দুই বছরব্যাপী দেনদরবার। লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ যা আর্টিকেল ফিফটি নামে পরিচিত তার আলোকেই ইইউ কর্মকর্তাদের এই চিঠিটি দেওয়া হলো। এই আর্টিকেল ফিফটি অনুযায়ী, দুই পক্ষ চুক্তিতে পৌছতে জন্য দুই বছর সময় পাবে। যদি দুই পক্ষই সময় বাড়াতে সম্মত না হয়, তাহলে ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে বিদায় নেবে যুক্তরাজ্য।

চিঠি হস্তান্তরের বিষয়ে স্থানীয় সময় বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এমপিদের উদ্দেশ্যে একটি বিবৃতি দেবেন থেরেসা মে। এতে তিনি এমপিদের জানাবেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বিদায়ের সময় গণনা শুরু হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে , আলোচনার সময় যুক্তরাজ্যের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করবেন থেরেসা মে। এদের মধ্যে ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকরাও রয়েছেন। ব্রেক্সিট ঘিরে যে বিভক্তি তৈরি হয়েছে তা থেকে উত্তরণের বিষয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী ।

গত বছরের জুনে এক গণভোটে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয় ব্রিটিশ নাগরিকরা। চলতি মাসের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

সূত্র: রাইজিংবিডি