সিল্কসিটিনিউজ ডেস্ক :
ডিজিটাল বাণিজ্য থেকে শুরু করে অবৈধ বন উজাড়ের মতো কিছু ইস্যুতে ব্রাজিলের বাণিজ্য নীতিকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে দেশটির পণ্যের ওপর ২৫% শাস্তিমূলক শুল্ক আরোপের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন।
সোমবার (০১ জুন) রাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তা এবং ‘ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ জেমিসন গ্রিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আওতায় ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিস, বিশেষ শুল্ক সুবিধা, মেধা স্বত্ব সুরক্ষা এবং ইথানল বাজারের মতো খাতগুলো অন্তর্ভুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পর মঙ্গলবার (২ জুন) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘লাতিন আমেরিকা-বিদ্বোধী’ হিসেবে অভিযুক্ত করেন।
লুলা জানান, গত কয়েক সপ্তাহে দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা তিনবার বৈঠকে বসলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর শুল্ক চাপানোর অজুহাত খুঁজছে, ঠিক তখনই (মঙ্গলবার) চীন ব্রাজিলকে ‘খুরো রোগ’ মুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়ে বাণিজ্য বাড়াতে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্তের আগে আগামী ১৫ জুলাই পর্যন্ত এই প্রস্তাবটি জনসাধারণের পর্যালোচনার জন্য উন্মুক্ত থাকবে।
তবে এই ২৫% শুল্কের আওতা থেকে গুরুত্বপূর্ণ কিছু পণ্য বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে—গরুর মাংস, কফি ও কমলার রস; অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য; বিরল খনিজ ধাতু ও অন্যান্য আকরিক; উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ এবং ওষুধ ও সার।
এ ছাড়া জাতীয় নিরাপত্তার স্বার্থে ১৯৬২ সালের ‘সেকশন ২৩২’-এর অধীনে থাকা ব্রাজিলীয় পণ্য—যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা (৫০% শুল্ক) এবং গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ (২৫% শুল্ক)—পূর্বের নিয়মেই বহাল থাকবে, নতুন ২৫% শুল্ক এর ওপর অতিরিক্ত যুক্ত হবে না।
নেপথ্যে কি অভ্যন্তরীণ রাজনীতি?
ব্রাজিলের দুজন শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের যুক্তিগুলো সম্পূর্ণ উপেক্ষা করেছে, যা প্রমাণ করে এই শুল্কের উদ্দেশ্য প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক।
গত মাসে প্রেসিডেন্ট লুলা হোয়াইট হাউজ সফর করলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শীতল হতে শুরু করে।
সম্প্রতি ব্রাজিলের আপত্তির মুখে দেশটির দুটি বড় অপরাধী চক্রকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মজার বিষয় হলো, এই ঘোষণার কয়েক দিন আগেই লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্প, জেডি ভ্যান্স ও রুবিও-র সাথে বৈঠক করে এই সন্ত্রাসী তকমা দেওয়ার পক্ষে লবিং করেছিলেন।
তবে শুল্কের বিষয়ে সিনেটর ফ্লাভিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশেষভাবে অনুরোধ করেছিলাম আমাদের কম্পানির ওপর শুল্ক না বসাতে। শুল্ক কোনো সমাধান নয়।’
গত বছর ট্রাম্প ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপ করেছিলেন, যার মধ্যে ৪০% ছিল ট্রাম্পের বন্ধু ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিলে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ‘শাস্তি’ স্বরূপ। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই জরুরি অর্থনৈতিক ক্ষমতার শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়।
আদালতের সেই ধাক্কার পর এবার ট্রাম্প প্রশাসন আইনিভাবে শক্তিশালী ‘সেকশন ৩০১’-এর আশ্রয় নিয়েছে, যা অতীতে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে ব্যবহার করা হয়েছিল।
ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলেন, ‘ব্রাজিলের বাণিজ্য নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। লুলার প্রশাসনের সঙ্গে গঠনমূলক আলোচনা হলেও এই তদন্তে উঠে আসা সমস্যাগুলো সমাধানে আমাদের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।’
ইউএসটিআর জানিয়েছে, এই শুল্ক প্রস্তাবের ওপর আগামী ১ জুলাই পর্যন্ত লিখিত মতামত দেওয়া যাবে এবং ৬ জুলাই একটি গণশুনানি অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই তদন্তের বিপরীতে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে।










