সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
খেলা

ব্যাটিং ব্যর্থতায় পারলো না বাংলাদেশ

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
ব্যাটিং ব্যর্থতায় পারলো না বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কায় চলমান নারী বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে, সুপার সিক্সের পথ খোলা টাইগ্রেসদের।

 

কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিজেদের মাটিতে ক’দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪-১ এ সিরিজ হেরেছিল বাংলাদেশ।

 

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের টপঅর্ডাররা পুরোই ব্যর্থতার পরিচয় দেন। মাত্র ১০০ রান তোলে বাংলাদেশ। ৪৬.৫ ওভার ব্যাট করে অলআউট হয় লাল-সবুজরা। জবাবে, ৪ উইকেট হারিয়ে ২৫.২ ওভারে ১০১ রান তোলে প্রোটিয়ারা।

 

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আখতার কোনো রান না করেই বিদায় নেন। তিন নম্বরে নামা সানজিদা ইসলামের ব্যাট থেকে আসে ১৩ রান।

 

চার নম্বরে নামা ইনফর্ম ব্যাটার ফারজানা হক শূন্য রানে বিদায় নেন। দলপতি রুমানা আহমেদ রানআউট হওয়ার আগে করেন ইনিংস সর্বোচ্চ ৩৯ রান। নিগার সুলতানার উইলো থেকে ৮ রান আসে। সিনিয়র অলরাউন্ডার সালমা খাতুন করেন ১৬ রান।

 

বাংলাদেশের হয়ে এ ম্যাচের মধ্যদিয়ে ওয়ানডেতে অভিষেক হয় পেসার সুরাইয়া আজমিন ছন্দার।

 

১০১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার লিজেল লি করেন ৩৪ রান। তার ৩২ বলের ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কা। আরেক ওপেনার লরার উইলো থেকে আসে ৩০ রান। ডু পেরেজ শূন্য রানে সাজঘরে ফেরেন। চার নম্বরে নামা থিসারার ব্যাট থেকে আসে ১৪ রান। ১৪ রানে অপরাজিত থাকেন ট্রিওন।

 

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নেন অভিষিক্ত পেসার সুরাইয়া আজমিন, জাহানারা আলম, রুমানা আহমেদ এবং সালমা খাতুন।

 

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। স্কটিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় জাহানারা-সালমা-রুমানারা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় পাপুয়া নিউ গিনিকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬৭ রানে হেরে বসে বাংলাদেশ নারী দল।

 

লঙ্কা মিশনে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। আইরিশদের বিপক্ষে টাইগ্রেসরা জিতেছিল ৩৯ রানের ব্যবধানে।

 

মূল লড়াইয়ের বাছাইপর্বে পাপুয়া নিউগিনি, পাকিস্তান ও স্কটল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে রুমানার দল। প্রতিটি টিম গ্রুপের সবার সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স। যেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। ফলে, সুপার সিক্স অনেকটাই নিশ্চিত টাইগ্রেসদের।

 

সেরা ৪টি দল পাবে ইংল্যান্ডে বসতে যাওয়া বিশ্বকাপের এগারতম আসরের টিকিট। মর্যাদাপূর্ণ এ ক্রিকেট শ্রেষ্ঠত্বের ইভেন্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে। আগামী ২৬ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে। ফাইনাল ২৩ জুলাই।

 

বাংলাদেশ স্কোয়াড: রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, নিগার সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন ও মোরশেদা খাতুন।

সূত্র: বাংলা নিউজ