সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতারা বলেছেন, ব্যবস্থা বদল ছাড়া দেশ ও দেশের মানুষের মুক্তি নেই। সমাজ বিপ্লব ছাড়া শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য সমাজতন্ত্রের লক্ষ্যে সমাজ বিপ্লব সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টি সভাপতি মো. শাহ আলম।

সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন ও রফিকুজ্জামান লায়েক, পার্টির কেন্দ্রীয় সম্পাদক আনোয়ার হোসেন রেজা প্রমুখ।
সভায় নেতারা বলেন, দেশ ও মানুষের মুক্তির আন্দোলন অগ্রসর করতে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কর্মসূচি সামনে রেখে আন্দোলন করে যাচ্ছে সিপিবি। মহান মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে এখনো ভোটের গণতন্ত্রের স্থায়ী ধারা প্রতিষ্ঠা করা যায়নি। ১৯৯০ সালের ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও বৈষম্য মুক্তির কথা সামনে আসলেও, এই ধারায় দেশকে অগ্রসর করার লেশমাত্র লক্ষণ দেখা যাচ্ছে না।
বর্তমান অন্তর্বর্তী সরকার পুরনো ব্যবস্থা বহাল রেখেই পথ চলছে। তাইতো বাজার ব্যবস্থা সংস্কারে হাত পর্যন্ত দিতে পারেনি। এজন্য বাজার সিন্ডিকেট ভাঙেনি নিত্য পণ্যের দামের কোন নিয়ন্ত্রণ নেই।
গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও জনজীবনে স্বস্তি ফিরে আসেনি উল্লেখ করে নেতারা বলেন, সারাদেশে নিরাপত্তাহীনতা চলছে।
‘মব সন্ত্রাস’, দখলদারিত্ব দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। এ অবস্থার অবসানে অন্ততঃ ভোটের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
নেতারা আরো বলেন, এবারের আন্দোলনের মধ্যে বৈষম্যবিরোধী বক্তব্য সামনে চলে এসেছে। দেশের প্রকৃত বৈষম্য হচ্ছে ধন বৈষম্য-শ্রেণী বৈষম্য। এই বৈষম্যের অবসান ঘটানো ছাড়া দেশ ও মানুষের মুক্তি অর্জন করা যাবে না।
আর এজন্যই চাই দুর্বৃত্তায়িত অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু অর্থনীতির দুর্বৃত্তায়ন রোধে বিকল্প পথ নির্দেশনার কথা বলা হচ্ছে না। গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা বাস্তবায়নে বামপন্থার পথ ধরেই ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানান তারা।
সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলীয় নেতা-কর্মীরা। এছাড়া সারাদেশে পার্টির পতাকা উত্তোলন, সমাবেশ-র্যালি-মিছিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ










