সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিরল রোগ নিয়ে ‘বৃক্ষমানব’ নাম পাওয়া আবুল বাজানদারের মতোই একই রোগে ভুগছে ঠাকুরগাঁয়ের শিশু রিপন রায়।
আট বছর বয়সী এই শিশুটিকে রোববার ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

চিকিৎসকরা বলছেন, প্রাথমিকভাবে তার রোগটিও এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুসিফারমিস বলে তাদের ধারণা।
হাতে-পায়ে ১০ কেজি ওজনের আঁচিল নিয়ে সবার কাছে ‘বৃক্ষমানব’ নাম পেয়েছিলেন খুলনার ২৫ বছর বয়সী আবুল বাজানদার। প্রায় ১৫টি অপারেশনের পর এখন তিনি অনেকটাই সুস্থ্।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটির সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে রিপনও আবুল বাজানদারের মতো ‘এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরুসিফারমিস’ রোগে আক্রান্ত।
তার রোগটি প্রাথমিক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, “আশা করছি আবুল বাজানদারের মতো এত সময় লাগবে না। বাজানদারের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে এই শিশুটির ক্ষেত্রেও সেসব ব্যবস্থা নেওয়া হবে।”
রিপনের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হবে জানিয়ে সামন্ত লাল বলেন, তবে বাচ্চাটি অনেক দুর্বল; পুষ্টিহীনতা রয়েছে।
সোমবার বার্ন ইউনিটের শিশু ওয়ার্ডের ৬২১ নম্বর শয্যায় কথা হয় শিশু রিপন ও তার স্বজনদের সঙ্গে।
শিশুটির বাবা মহেন্দ্র রায় বলেন, “জন্মের তিন/চার মাস পরে মাথায় কালো দাগ দেখা যায়। পরে হাত ও পায়ে ছড়িয়ে পড়ে। এলাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও দাগ বড় হয়ে শিকড়ের মতো বাড়তে থাকে।”
দুই বোন এক ভাইয়ের মধ্যে রিপন সবার ছোট। বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেটগাঁওয়ে। বাবা মহেন্দ্র রায় পেশায় একজন চর্মকার বা মুচি।
তিনি জানান, হাত ও পায়ের এই অবস্থায়ও রিপন কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সে অনেক কষ্ট করে হাঁটে; খেতেও অনেক কষ্ট হয়।
হাসপাতালে শিশুটির সঙ্গে রয়েছেন তার মা গোপালী রানীও। ছেলেকে সুস্থ করে বাড়ি ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
সূত্র: বিডি নিউজ









