সদ্য প্রকাশিত
রাজশাহী

বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে বহিরাগত হস্তক্ষেপের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে বহিরাগত হস্তক্ষেপের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে বহিরাগতদের হস্তক্ষেপ, শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছণা এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ও আইসিটি সেন্টারের প্রশাসককে হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 
শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 
মানববন্ধনে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রদীপ মার্ডি বলেন, যখন শিক্ষার্থীদের দাবি নিয়ে আন্দোলন করা হয় তখন পুলিশ বাধা দেয়। কিন্তু যখন বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়, তখন আমরা পুলিশের তৎপরতা দেখা যায় না। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে এ ধরণের কর্মকাণ্ড দুঃখজনক।
পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন বলেন, কারো ব্যক্তিগত জায়গায় আমরা পড়তে আসিনি। তাই বহিরাগতরা যখন আমাদের ভিসি প্রো-ভিসিকে হুমকি দেয় তখন আমাদের লাগে। এসব ঘটনা বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদাকে ক্ষুন্ন করে।

 

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যখন দেয়াল টপকে ক্যাম্পাসে ঢুকতে হয়, বহিরাগত সন্ত্রাসীদের পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে হয়, এর থেকে লজ্জার কিছু আর থাকে না। আমরা শিক্ষক-শিক্ষার্থীদের
লাঞ্চনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

15590915_1183685395019234_4848620878018247500_o

মানববন্ধন থেকে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর পাঁচ দফা দাবি দাবি উত্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়। এছাড়া আগামী ২৬ ডিসেম্বর ১১টায় আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধে পদক্ষেপ, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা, স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের ধারণা বজায় রাখতে পদক্ষেপ, পূর্ণাঙ্গ টিএসসিসি ভবন নির্মাণ এবং অবিলম্বে রাকসু নির্বাচন দেয়া।

 
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে মানববন্ধনে মিলিত হয়।

 
বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাসনুভা তাহরিন অন্তরার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমন রহমান, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিটন দাস প্রমুখ।

 

প্রসঙ্গত, শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ পরীক্ষা বন্ধ করার জন্য ২২ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ও আইসিটি সেন্টারের প্রাশাসককে হুমকি দেওয়া হয়। পরদিন ২৩ ডিসেম্বর নিয়োগের বিভিন্ন শর্ত শিথিলের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা  ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এছাড়া পরীক্ষার হল থেকে চাকরি প্রত্যাশীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

স/অ