খেলা

বিপর্যয়ে শুরু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই বাংলাদেশের ঘূর্ণির সামনে অসহায় ইংলিশরা। মেহেদী হাসান ও সাকিব আল হাসানের বোলিংয়ে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে তারা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালটা যেন ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের সকাল হয়েই এসেছে। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে তৃতীয় দিনের প্রথম সেশনে উইকেট পড়েছে ৮টি! তবে এখন পর্যন্ত ইংল্যান্ড এগিয়ে আছে ৭৩ রানে।

ইংল্যান্ডের চেয়ে ৭২ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের সকালটা শুরু করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় লিড নেওয়া হয়নি বাংলাদেশের। তবে ৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশ ব্যাটসম্যানরাও পড়তে পারেননি উইকেটের ভাষা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রথম সাফল্য অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ছোঁয়ার ম্যাচটি ভুলেই যেতে চাইবেন ইংলিশ অধিনায়ক। প্রথম ইনিংসে বাজে আউটের শিকার হওয়া কুক এই ইনিংসে ফিরেছেন মেহেদীর বলে স্লিপে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে। টেস্টে নিজের সপ্তম উইকেটটি পেলেন মেহেদী।

কুকের বিদায়ের পর জো রুটকে এলবিডব্লিউ করে ফেরান সাকিব আল হাসান। এটি ছিল টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সাকিবের ১৫০তম উইকেট। রুট রিভিউ নিলেও সেটি ধোপে টেকেনি। শর্ট লেগে ক্যাচ দিয়ে সাকিবের ১৫১তম উইকেট হয়েছেন বেন ডাকেট।

সূত্র: প্রথম আলো