খেলা

লা লিগা সভাপতির পদত্যাগ চেয়ে বিবৃতি রিয়ালের

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফুটবল মাঠের লড়াই এবার ছড়িয়ে পড়েছে স্প্যানিশ ফুটবলের প্রশাসনিক অঙ্গনে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের একটি মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রিয়াল মাদ্রিদের পরিচালনা ও নিজস্ব টেলিভিশন চ্যানেলের কার্যক্রমকে নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচার কৌশলের সঙ্গে তুলনা করেছেন তিনি।
তাতেই ক্ষুব্ধ রিয়াল। তেবাসের বক্তব্যকে ‘গভীর অপমানজনক’ ও ‘নৈতিকভাবে ঘৃণ্য’ আখ্যা দিয়ে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে স্প্যানিশ জায়ান্টরা। শুধু লা লিগার সভাপতির পদ নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সহসভাপতির পদ থেকেও তেবাসকে সরে দাঁড়ানোর দাবি ক্লাবটির।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে তেবাস অভিযোগ করেন, রিয়াল মাদ্রিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজেদের বক্তব্য প্রচারের জন্য বিভিন্ন মাধ্যমকে কাজে লাগায়। আর ক্লাবটির টেলিভিশন চ্যানেল সেই প্রচারের নেতৃত্ব দেয়। তিনি বলেন, ‘একই অভিযোগ বারবার তুলে ধরা, সন্দেহ ছড়ানো এবং প্রতিপক্ষকে শত্রু হিসেবে উপস্থাপনের এই কৌশল গোয়েবলসের প্রচারপদ্ধতির কথা মনে করিয়ে দেয়।’

পরে তেবাস স্পষ্ট করেন, তিনি নাৎসি মতাদর্শের সঙ্গে নয়, বরং প্রচারের কৌশলের সঙ্গে তুলনা করেছেন।

তবে তার এই ব্যাখ্যাও অবশ্য পরে গ্রহণ করেনি রিয়াল। তার এমন মন্তব্যের নিন্দা জানিয়ে পরে বিবৃতি দিয়েছে লস ব্ল্যাংকোসরা।
বিবৃতিতে তেবাসের পদত্যাগ চেয়ে রিয়াল লিখেছে, ‘আমাদের ক্লাব, এর পরিচালনা পর্ষদ এবং ক্লাবের টিভিকে হেয় করার জন্য নাৎসি শাসনের প্রচার পদ্ধতির সঙ্গে তুলনা টেনেছেন তেবাস, যা অত্যন্ত অমার্জনীয় এবং গুরুতর অপরাধ। তেবাসের এই ধরনের বারংবার আচরণ তার নিরপেক্ষতা, সম্মান ও পেশাদারিত্বের অভাবকে স্পষ্ট করে—যা তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের একদম পরিপন্থী। তাই লা লিগার সভাপতি ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ থেকে তেবাসের অবিলম্বে পদত্যাগ দাবি করছে রিয়াল মাদ্রিদ।

’
এর আগেও রেফারিং নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলায় রিয়ালের সমালোচনা করেছিলেন তেবাস। ২০২১ সালে ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। এবার গোয়েবলস-তুলনাকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও তীব্র হলো।