সিল্কসিটিনিউজ ডেস্ক:
সরকারের কাছে ১০ কাঠার প্লট চেয়ে আবেদনের পর বিএনপিতে চলছে রুমিন বিতর্ক। এ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দলের নেতা-কর্মীরা এ নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন।
একটি অংশ সংরক্ষিত মহিলা আসনের এমপি ও দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের বড় অংশই প্লট চাওয়ার আবেদনের তীব্র বিরোধিতা করছেন। মাত্র দুই মাসের মধ্যেই সরকারের কাছে প্লট চেয়ে আবেদনে সমালোচনার মুখোমুখি হচ্ছেন সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচক রুমিন ফারহানা। সরকারকে ‘অবৈধ’ বলা রুমিন ফারহানার আবেদনে ‘চির কৃতজ্ঞ’ থাকার আকুতিতেও ভালোভাবে নিচ্ছেন না মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। সরকারপন্থি কর্মী সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কটাক্ষ করছেন। তাকে নিয়ে মুখরোচক নানা কিছু লিখছেন আওয়ামী লীগ কর্মী সমর্থকরাও।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের নেতাদের কেউ কেউ এ নিয়ে ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করেছেন। ২০ দলীয় জোটের শরিক দলের এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, রাজনীতিবিদ ও ভাষাসৈনিক অলি আহাদকে বঙ্গবন্ধুই বিশাল একটি প্লট দিয়েছেন। যতদূর শুনেছি ব্যারিস্টার রুমিন ফারহানার নিজের নামেও রাজধানীতে প্লট রয়েছে। তাছাড়া রুমিন সরকারকে যে ভাষায় সমালোচনা করছেন, তাতে তার আরও কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। প্লট নেওয়ার সময় তো ফুরিয়ে যায়নি। রুমিনের আবেদনের ভাষাও ছিল সরকারের প্রতি নতজানু।
এটা বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা ভালোভাবে নেয়নি। তীব্র আলোচনার মুখে ব্যারিস্টার রুমিন ফারহানা অবশ্য গণমাধ্যমকে বলেছেন, ‘আমি রাষ্ট্রের কাছে আবেদন করেছি। কোনো অনির্বাচিত সরকারের কাছে নয়। আমি জানি, তারা আমাকে এক কাঠাও দেবে না। তবু আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি। কিন্তু আমি এটা জানতাম না, কোনো মন্ত্রণালয় থেকে চিঠি এভাবে বের হয়।










