সিল্কসিটিনিউজ ডেস্ক:
অশোভন বক্তব্য পরিহার করে বিএনপি নেতাদের রাজনৈতিক শালীনতা-ভব্যতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি অভিযোগ করেছেন, বিএনপি সকাল-বিকাল সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলছে। আবার তারাই বলে তাদের কথা বলার অধিকার নেই।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ঘটনা তুলে ধরে হাছান বলেন, ২০০২ সালে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই অফিস বন্ধ করে দিয়েছিল, তল্লাশির নামে অফিসটি তছনছ করে তালা লাগিয়ে দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার।
তিনি বলেন, ২০০১ সালের ১৫ জুন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্তা প্রমাণিত হয়েছে। হাছান বলেন, আওয়ামী লীগ অফিসে বারবার হামলা করা হয়েছে। বিএনপি যত দিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সব সময় ব্যারিকেড থাকত। এখন বিএনপি অফিসের সামনে সব সময় ব্যারিকেড থাকে না। বিএনপি নেতারা নয়াপলন্টনের কার্যালয়ে বসে সকাল-বিকাল সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে সাবেক এই মন্ত্রী দাবি করেন, গত সাড়ে নয় বছরে বিএনপির কোনো জনসভায় হামলা হয়নি। তাদের (বিএনপির) কোনো সিনিয়র নেতাকে রাস্তায় পুলিশের পিটুনির শিকার হতে হয়নি।
তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রকাশ্যে আমাদের নেত্রীকে হত্যা করার উদ্দেশ্যে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা ও তারেক জিয়ার নির্দেশনায় যেভাবে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল তা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়।
বিএনপির ক্ষেত্রে তো এ কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আজকে বিএনপির নেতারা যেসব বক্তব্য রাখেন তা সম্পূর্ণ মিথ্যা। বিএনপি নেতাদের অনুরোধ জানাব, আয়নায় প্রথমে নিজেদের চেহারা দেখার জন্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন প্রমুখ।










