নাটোর

বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Silk City২৯ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম গকুলসহ আওয়ামীলীগের ৪৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানায় মঙ্গলবার রাতে মামলাটি হলেও বুধবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি জানাজানি হয়।

বাদি উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আসকান আলীর ছেলে আ. সালাম মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, আসামীগণের অবৈধ ক্ষমতার প্রভাবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে উপজেলায় তাদের রাজনৈতিক কর্মকান্ড করতে পারে নাই। এছাড়াও বিভিন্ন সময় হত্যার উদ্দেশ্যে মারপিট, জখম, প্রাণ নাশের হুমকি দেওয়াসহ বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগ করা হয়। মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জন অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।