সদ্য প্রকাশিত
খেলা

বাংলাদেশের লক্ষ্য ৩৫৫

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৭৫ মিনিট পড়া
বাংলাদেশের লক্ষ্য ৩৫৫

সিল্কসিটিনিউজ ডেস্ক: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৫৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ।

স্কোর: শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ ৩৫৪/৭ (৫০ ওভার)।

উড়ন্ত সানজামুলের দুর্দান্ত ক্যাচ: মাশরাফির তৃতীয় স্পেলের প্রথম ওভার। অফ স্টাম্পের বাইরে মাশরাফির ফুলার লেংথ বল। পুরো জোর দিয়ে মিড অফ দিয়ে খেলতে চেয়েছিলেন থিসারা পেরেরা। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হলো না। বল উঠে গেল ডিপ কাভারে। কাভারে দাঁড়ানো সানজামুল দৌড়ে পেছনে গিয়ে দিলেন বিশাল এক ডাইভ। বলও তার কথা শুনল! হাওয়ায় ভেসে থাকা অবস্থায় বল তালুবন্দি হলো সানজামুলের। ৪২ রানে আউট হন সানজামুল। মাশরাফির প্রথম সাফল্য।

রাজুর বলে বোল্ড চতুরঙ্গা: প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় উড়ে আসা আবুল হাসান রাজু প্রথম স্পেলে ভালো কিছু করতে পারেননি। ৩ ওভার বোলিং করে রান দিয়েছিলেন ১৪। তবে দ্বিতীয় স্পেলে ফিরেই সাফল্য এনে দেন দলকে। দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে ডানহাতি এই পেসারের বলে বোল্ড হন চতুরঙ্গা ডি সিলভা। শর্ট বল পুল করতে গিয়েছিলেন চতুরঙ্গা। তবে ব্যাটের কানায় লেগে বল স্টাম্পে আঘাত করে। ২৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন চতুরঙ্গা। তার বিদায়ের সময় শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২৫০।

‘উইকেট-বঞ্চিত’ মাশরাফি: ৩৬তম ওভারের তৃতীয় বল। মাশরাফির অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড আউট খেললেন চতুরঙ্গা ডি সিলভা। মিড অফে থাকা সাব্বির রহমান বল ফেরত দেওয়ার আগে ২ রান নেন চতুরঙ্গা। আম্পায়ার নো বল কল করেন। ফ্রি হিটে পরের বলে একই শট খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন চতুরঙ্গা। ক্যাচ ধরতে কোনো সমস্যা হয়নি শুভাগত হোমের। কিন্তু ফ্রি হিট থাকায় ‘উইকেট-বঞ্চিত’ হন মাশরাফি।

সানজামুলের প্রতিশোধ: ৩১তম ওভারের পঞ্চম বল। সানজামুল ইসলামের হাওয়ায় ভাসানো বল এগিয়ে এসে ডিপ মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠালেন মিলিন্দা সিরিবর্ধনে। বল মাঠ পেরিয়ে গিয়েছিল রাস্তায়। বিশাল এক ছক্কা খাওয়ার পর বিমর্ষ দেখাচ্ছিল সানজামুলকে। কিন্তু ওভারের শেষ বলে প্রতিশোধ নেন বাঁহাতি এ স্পিনার। সিরিবর্ধনকে উইকেটের পেছনে সোহানের তালুবন্দি করান সানজামুল। ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন সিরিবর্ধনে। সিরিবর্ধনের বিদায়ের সময় শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ২০২।

ফিফটির পর স্বেচ্ছায় অবসরে পেরেরা: ৬৫ বলে ৩ চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কুশল পেরেরা। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ৬৪ রানে স্বেচ্ছায় মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৮৯ বলে ৪ বাউন্ডারিতে ইনিংসটি সাজান তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন ধনঞ্জয়া ডি সিলভা।

প্রথম ওভারে সাইফুদ্দিনের উইকেট: ইনিংসের ২০তম ওভারে সানদান বিরাকোডির ক্যাচ ছেড়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে ২৩তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে উইকেটের স্বাদ পান সাইফুদ্দিন। ওই বিরাকোডিকেই আউট করে ভাঙেন ১১৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। সাইফুদ্দিনের শর্ট বল পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ৬৭ রান করা বিরাকোডি। ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান বিরাকোডি। শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ তখন ২ উইকেটে ১৫০।

ক্যাচ ছাড়লেন সাইফুদ্দিন: আবুল হাসান রাজুর বলে এগিয়ে এসে মারতে গেলেন সানদান বিরাকোডি। বলে-ব্যাটে-বলে ঠিকমতো হলো না। ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডিং করা সাইফুদ্দিন এগিয়ে এসে ডাইভ দিয়েও বল তালুবন্দি করতে ব্যর্থ হলেন। ৫৮ রানে নতুন জীবন পান সানদান বিরাকোডি।

সানদান বিরাকোডির ফিফটি: ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি ওপেনার সানদান বিরাকোডি। স্পিনার শুভাগত হোমের বলে স্কয়ার লেগে এক রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সানদান।

স্বাগতিক দলের পঞ্চাশ: ৭.৪ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তুলেছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। এ রান তুলতে ১ উইকেট হারিয়েছে তারা। সাজঘরে ফিরেছেন দিলশান মুনাবীরা। ব্যাটিং করছেন সানদান বিরাকোডি, কুশল পেরেরা।

মাশরাফির প্রথম স্পেল: চোট থেকে ফিরে এসে এটি মাশরাফি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্র্রথমটি খেলেছিলেন বাংলাদেশে। শ্রীলঙ্কায় শুরুটা ভালো হয়নি নড়াইল এক্সপ্রেসের। ৪ ওভারে ২১ রান খরচ করেছেন মাশরাফি।

খরুচে তাসকিন: ৩ ওভারে তাসকিন আহমেদ খরচ করেছেন ২৭ রান। তার করা শর্ট বলগুলোকে অনায়াসে খেলেছেন লঙ্কান ওপেনাররা। প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিনকে হজম করতে হয়েছে বিশাল এক ছক্কা। লেগ স্টাম্পের ওপরের শর্ট বলে এক পা এগিয়ে এসে মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন দিলশান মুনাবীরা। পরের বলে কাট করে থার্ডম্যান অঞ্চল দিয়ে আবারও চার। চেষ্টা করেও বল থামাতে পারেননি রুবেল।

প্রথম আঘাত তাসকিনের: তাসকিনের ফুলার লেংথ বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করেন দিলশান মুনাবীরা। ডানহাতি পেসারের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা। শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ তখন ৫.৩ ওভারে ১ উইকেটে ৩৬।

কিপিংয়ে সোহান: উইকেটের পেছনের দায়িত্ব সামলাচ্ছেন কাজী নরুল হাসান সোহান। মুশফিক ফিল্ডিংয়ে নেই। তবে পরবর্তীতে ফিল্ডিংয়ে নামতে পারবেন। চাইলে ব্যাটিংও করতে পারবেন।

তামিম-সাকিব-মুস্তাফিজ-শুভাশীষ বিশ্রামে: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়কে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

টস: সীমিত ওভারের সিরিজ শুরুর আগে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে বুধবার শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে সকালে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

প্রথম ওয়ানডে: আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

 

সূত্র: রাইজিংবিডি