সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশের মতো উন্নয়শীল দেশগুলোর জন্য কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে কোনও একটিকে বেছে নেওয়ার সুযোগ নেই। কারণ, এ দেশগুলোর প্রবৃদ্ধির জন্য দুটোই প্রয়োজন। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কোল অ্যাসেসিয়েশন (ডব্লিউসিএ)।
“এশিয়া: কোল’স ফিউচার” শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত জ্বালানি এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পরিচালিত করবে।

প্রতিষ্ঠানটির সমীক্ষা অনুযায়ী, খরচ, উচ্চমানের দক্ষতা, কয়লাভিত্তিক প্রযুক্তিতে কম নির্গমনের মতো নানা কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো কয়লার দিকে ঝুঁকছে। এভাবে ঝুঁকে পড়ার একটা কারণ হতে পারে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় কয়লা ব্যবহারের খরচ পাঁচ গুণ কম।
এই প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়ার্ল্ড কোল অ্যাসেসিয়েশন-এর প্রধান নির্বাহী বেঞ্জামিন স্পর্টন। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন হলেও বর্তমানে এ অঞ্চলে পুরোনো ও অপেক্ষাকৃত কম দক্ষ প্রযুক্তি বেছে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। নতুন প্ল্যান্টগুলোর অর্ধেকেরও কম তৈরি করা হচ্ছে কয়লাভিত্তিক প্রযুক্তিতে। বিশেষ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও বাংলাদেশের ক্ষেত্রে এই চ্যালেঞ্জের বিষয়টি পরিষ্কার।
তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর হিসাব অনুযায়ী ২০৪০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়লার চাহিদা বাড়বে ৪ দশমিক ৬ শতাংশ।
উদাহরণ হিসাবে চীনের কথা উল্লেখ করে বেঞ্জামিন স্পর্টন বলেন, বেইজিং ছোট ও ফলপ্রসূ নয় এমন বিদ্যুৎ কেন্দ্র বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তারা বড় আকারের অত্যাধুনিক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। নতুন আইনে কয়লাভিত্তিক সাবক্রিটিক্যাল (বিদ্যুৎ কেন্দ্রের পুরাতন প্রযুক্তি) টেকনোলজি নিষিদ্ধ করা হয়েছে।
বেঞ্জামিন স্পর্টন-এর মতে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে একটি কম কার্বনের ভবিষ্যতের দিকে রূপান্তরের প্রয়োজন রয়েছে। তার ভাষায়, ‘কয়লা সমস্যা নয়, সমস্যা হচ্ছে এর নিঃসরণ।’
সূত্র: বাংলা ট্রিবিউন










