
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষসহ প্রায় ৩০ জন শিক্ষক আনন্দ ভ্রমনে থাকায় গত ৫ দিন যাবত শিক্ষার্থীরা ক্লাস বঞ্চিত রয়েছে। গত ২৬ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত তারা চট্টগ্রাম ও কক্সবাজার সহ তিন পার্বত্য জেলা সফরে রয়েছেন। সফরের ছবি শিক্ষকদের ফেসবুক একাউন্টে শোভা পাচ্ছে ।
তবে, আগামীকাল বৃহস্পতিবার রাতে তারা কর্মস্থলে ফিরবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান। এতে বৃহস্পতিবারও শিক্ষার্থীরা ওই শিক্ষকদের ক্লাস বঞ্চিত থাকতে হবে।
এদিকে, ওই কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা টানা ৫ দিন ক্লাস বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানায়, একসঙ্গে এতগুলো শিক্ষক না থাকায় তারা ঠিকমত ক্লাস করতে পারছেনা। এছাড়া এ কয়দিনে কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতিও কমে গেছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদুল ইসলাম জানান, কলেজে অতিরিক্ত শিক্ষক থাকায় সফরে থাকা শিক্ষকদের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে না।
এ প্রসঙ্গে সফরে থাকা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার জানান, শিক্ষকদের একাংশ সফরে থাকলেও ক্লাস ও অফিস খোলা রয়েছে। এছাড়া, যথাযথ কতৃর্পক্ষের অনুমতি নিয়ে তারা সফরে গেছেন বলে তিনি জানান।গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান,কলেজ অধ্যক্ষ তাকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন। এছাড়া এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।








