রাজশাহী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্লাজায় বেলুন ওড়ানো, পায়রা অবমুক্ত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাজা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফার্মেসি শিক্ষা, পেশাগত দক্ষতা, স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক সানজিয়া মেহজাবিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম সাদিক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) মো. আবদুল লতিফ, সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স) মো. আবদুর রাজ্জাক এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্ল্যান্ট প্রধান মো. ওহিদুল ইসলাম।

সেমিনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপনে সহযোগিতা করায় বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা ও স্পন্সর অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে অপসোনিন ফার্মা লিমিটেড। এছাড়া সহযোগী স্পন্সর হিসেবে ছিল এপেক্স ফার্মা লিমিটেড, ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টিম ফার্মা লিমিটেড, এসবি ল্যাবরেটরিজ, ডিবিএল ফার্মা লিমিটেড ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা, পেশাগত দায়িত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।