সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৫২) নামে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, আব্দুল মালেক মাদক মামলার একজন বিচারাধীন আসামি ছিলেন। সোমবার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

জেল সুপার আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: ঢাকা পোস্ট









