বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দরে আটকে থাকা পণ্যবাহী ২২৬টি ট্রাক কঠোর নিরাপত্তায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে ১১৮ ট্রাকে পেঁয়াজ রয়েছে।
অবরোধে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে বাস বা অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে টহল দিচ্ছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত বলেন, জনগণের জানমাল রক্ষার্থে প্রশাসন সব সময় কাজ করছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৮টি পেঁয়াজের ট্রাক ও অন্যান্য পণ্যবাহী ১০৮টিসহ মোট ২২৬টি ট্রাক দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে বন্দর ছেড়ে গেছে।









