পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার সিন্ডিকেট ভাঙার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন কৃষকেরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বানেশ্বর বাজারে বিক্ষোভ মিছিল করেন কৃষকেরা। এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ৪০ মিনিট অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কৃষকদের অভিযোগ, রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে স্থানীয় ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। এ সুযোগে কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করছেন। বিক্ষোভে অংশ নেওয়া কৃষকেরা জানান, সোমবার সকালে বানেশ্বর বাজারের বিসিআইসি সার ডিলার ওছমান আলীর দোকানে সার বিক্রি শুরু হলে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়ান। কিন্তু অনেক কৃষক চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।
কৃষক রফিকুল ইসলাম বলেন, ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকাল ১০টার দিকে ডিলার বলেন, সার শেষ। আমরা সার না পেলে জমি রক্ষা করব কীভাবে? সিন্ডিকেট করে আমাদের পকেট কাটা হচ্ছে। আমরা এর বিচার চাই।
তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন ডিলার ওছমান আলী। তিনি বলেন, কৃষকেরা ভিত্তিহীন অভিযোগে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছেন। আমাদের এখানে ইউরিয়ার কোনো সংকট নেই। সবাইকে সার দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন।
ইউএনও লিয়াকত সালমান বলেন, কৃষকদের প্রধান দাবি হলো—বর্তমানে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হচ্ছে, তার চেয়ে বেশি সার বরাদ্দ এবং ডিলারদের বিরুদ্ধে ওঠা অব্যবস্থাপনার অভিযোগের সমাধান। পাশাপাশি স্থানীয় কৃষকদের গ্রামে কীটনাশক ডিলারদের দোকানেও সার বিক্রির দাবি জানিয়েছেন তারা।
তিনি বলেন, বানেশ্বরের পাশের চারঘাট উপজেলার অনেক কৃষকও বানেশ্বরের ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করেন। কিন্তু বানেশ্বরের ডিলারদের সার বরাদ্দ দেওয়া হয় মূলত বানেশ্বর ইউনিয়নের কৃষকদের চাহিদার ভিত্তিতে। ফলে স্থানীয় কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্য এলাকার কৃষকেরা যাতে না নিতে পারেন, সে জন্য এখন থেকে জাতীয় পরিচয়পত্র দেখে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
লিয়াকত সালমান আরও বলেন, ইউনিয়নভিত্তিক চাহিদার ভিত্তিতেই সার বরাদ্দ করা হয়। স্থানীয় কৃষকেরা যাতে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী সার পান, তা নিশ্চিত করতে ডিলারের দোকানে স্থানীয় কৃষি কর্মকর্তাকে উপস্থিত রাখা হবে। উপজেলা প্রশাসনও বিষয়টি নিয়মিত তদারক করবে। তিনি জানান, প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধের পর কৃষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।










