সদ্য প্রকাশিত
ধর্ম

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির মাওলানা আহমদ বাটলা

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির মাওলানা আহমদ বাটলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম ও রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বি মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে তিনি দীর্ঘদিন সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার (২১ নভেম্বর) পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর নতুন আমির হওয়ার খবর প্রকাশিত হয়।
গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তাঁর ইন্তেকালের পর সংগঠনটির শীর্ষ নেতৃত্বে শূন্যতা তৈরি হয়।

পরে রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বিদের পরামর্শক্রমে মাওলানা আহমদ বাটলাকে নতুন আমির মনোনীত করা হয়।
মাওলানা আহমদ বাটলা দীর্ঘদিন ধরে পাকিস্তান তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি রায়বেন্ড মারকাজের একজন প্রবীণ মুরব্বি, আন্তর্জাতিক শূরার সদস্য এবং মারকাজের শায়খুল হাদিস হিসেবেও পরিচিত। নায়েবে আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান ও মুসলমানদের আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

সহজ-সরল ভাষায় হৃদয়গ্রাহী বয়ান ও নসিহতের জন্য মাওলানা আহমদ বাটলার বিশেষ পরিচিতি রয়েছে। তাঁর আলোচনায় ঈমান-আমলের সংশোধন, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব সহকারে ফুটে উঠে।
পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বের আলোচনায় মাওলানা আহমদ বাটলার নাম আগেও এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তাবলিগ জামাতের তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর নিজের অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করেছিলেন তিনি।

তাঁরা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শে মাওলানা নজরুর রহমানকে আমিরের দায়িত্ব দেওয়া হয়। তখন মাওলানা আহমদ বাটলা নায়েবে আমির হিসেবে দায়িত্ব পান। দীর্ঘদিন সেই দায়িত্ব পালনের পর এবার সংগঠনটির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব তাঁর ওপর অর্পিত হলো।

এদিকে ২০২৬ সালের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও মাওলানা আহমদ বাটলার বয়ান বিশেষ গুরুত্ব পেয়েছিল। ইজতেমায় আসরের নামাজের পর প্রথম বয়ান করেন তিনি। ওই বয়ানে তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, নবীদের দাওয়াতি মিশন বাস্তবায়ন এবং আখিরাতের সফলতা অর্জনের বিষয়ে মুসল্লিদের নসিহত করেন। পাশাপাশি নিজেদের জীবন ইসলামের শিক্ষা অনুযায়ী গড়ে তোলার আহ্বান জানান।