
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পল্লী কবি জসীম উদদীনের ১১৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার শহরের গোবিন্দপুরে কবির নিজ বাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জসীম ফাউন্ডেশন, সাহিত্য পরিষদ, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি সংগঠন। সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকার। অনুষ্ঠানে মুঠো ফোনের মাধ্যমে উপস্থিত সকলকে পল্লী কবির জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ও কবির জামাতা তৌফিক এলাহী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, মুসলিম মিশনের সাধারন সম্পাদক প্রফেসর এম এ সামাদ, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পল্লী কবির জীবনী পাঠ করেন অধ্যাপক রেজভী জামান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি পরিবারের স্বজন, স্থানীয় এলাকাবাসীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন









