রাজশাহী

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাকে সুরক্ষিত করতে বাংলাদেশে ব্যবহৃত অতিঝুঁকিপূর্ণ কীটনাশক পর্যায়ক্রমে নিষিদ্ধ করার দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে উন্নয়ন গবেষণা প্রতিষ্টান বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রীণ কোয়ালিশনের যৌথভাবে আয়োজিত মানববন্ধনে কৃষক-কৃষানি, পরিবেশকর্মী, যুব প্রতিনিধি, গবেষক, নাগরিক সমাজের সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির নামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক কীটনাশক শুধু ক্ষতিকর পোকামাকড় নয়, মানুষ, মৌমাছি, মাছ, পাখি, মাটি, পানি এবং সামগ্রিক বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফ্যাকো যেসব কীটনাশককে অতিঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো ক্যান্সার, হরমোনজনিত সমস্যা, প্রজনন স্বাস্থ্যঝুঁকি, স্নায়ুতন্ত্রের ক্ষতি এবং পরিবেশ দূষণের মতো গুরুতর সংকট সৃষ্টি করছে।
বক্তারা উল্লেখ করেন, ২০২৫ সালে প্যান পেসিফিকের উঠে আসে বাংলাদেশসহ চারটি এশীয় দেশে ব্যবহৃত ৯৬ ধরনের কীটনাশকের মধ্যে ৫৩টিই অতিঝুঁকিপূর্ণ কীটনাশক হিসেবে চিহ্নিত। এসব রাসায়নিকের প্রভাব কৃষকের ক্ষেতেই সীমাবদ্ধ নয়; খাদ্যে বিষাক্ত অবশিষ্টাংশ, পানিদূষণ, মাটির উর্বরতা হ্রাস, পরাগায়নকারী প্রাণীর মৃত্যু এবং জলজ জীববৈচিত্র্যের ক্ষতির মাধ্যমে তা সমগ্র সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে উঠছে।

মানববন্ধনে গ্রীণ কোয়ালিশন পবা উপজেলার সভাপতি রহিমা বেগমের সভাপতিত্ব এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওহাটা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সামা, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, নৃবিজ্ঞানী ও বারসিকের গবেষক শহিদুল ইসলাম,
গ্রীণ কোয়ালিশন পবা উপজেলার সাধারণ সম্পাদক কৃষক মো. মিজানুর রহমান, এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের পরিচালনাকারী, এগ্রোইকোলজি চর্চাকারী কৃষাণি সুলতানা খাতুন প্রমুখ।