নিজস্ব প্রতিবেদক:
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও খামারিদের স্বাবলম্বী করতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ প্রযুক্তির মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং ১০ উদ্যোক্তা ও খামারির মধ্যে ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। অন্যদিকে যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা স্বাবলম্বী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো পরিদর্শন করেন। এ সময় তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। পরে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ উদ্যোক্তা ও খামারিকে এ ঋণ দেওয়া হয়। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণে এ অর্থ ব্যবহার করা হবে।
ঋণপ্রাপ্তদের মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, হাসি বেগম ও হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে পেয়েছেন। বাঘা উপজেলার জুয়েল আক্তার, শারমিন আক্তার ও নবীউল ইসলাম পেয়েছেন প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে। বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান পেয়েছেন এক লাখ টাকা করে। এ ছাড়া তিশা খাতুন ও আব্দুল বারী পেয়েছেন ৮০ হাজার টাকা করে।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মো. মাহাফুজুর ইসলাম। এ সময় পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।










