নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নিজের নায্য জমি ফেরত চাওয়ায় লতিফা (৪৪) নামে এক বিধবাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এসময় ভাসুরের বিরুদ্ধে ওই বিধবার ঘরে জমানো ১০ মন ধান ও ৮০হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মামলাল লুট করে নেয়ার অভিযোগ করেছেন ওই বিধবা। নির্যাতনের পর ওই বিধবাকে চিকিৎসা না দিয়ে নিজের ঘরে আটকে রেখে প্রাণনাশের হুমকি ধামকি দেয় দুর্বৃত্তরা।
ওই দিন রাতেই গুরুতর আহত অবস্থায় বন্দীদশা থেকে কোন রকমে পালিয়ে জীবন রক্ষা করেন তিনি। পরে ছোট বোনের সহযোগীতায় রোববার দুপুরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন তিনি।

গত ১৬ডিসেম্বর সন্ধ্যায় নাটোরের লালপুরের নাওদাড়া গ্রামে এঘটনা ঘটে। তবে প্রাণ নাশের হুমকি ধামকির মুখে এখন পর্যন্ত মামলা দায়ের করতে পারেননি ওই ভুক্তভোগী। এঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বিধবা লতিফার মেয়ে শিউলি বেগম সিল্কসিটি নিউজকে জানান, নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের নাওদাড়া গ্রামের মৃত বিচ্ছাদ মন্ডলের বিধবা স্ত্রী লতিফা বেওয়ার কাছ থেকে ১৫-১৬ বছর আগে জোরদবরদস্তি করে প্রায় সাড়ে ৪বিঘা জমি কেড়ে নেয় তারই ভাসুর ইসাহাক মন্ডল ও ইফাজ মন্ডল। স্বামীর নায্যজমি না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিলেন তিনি। পেট চালাতে বেছে নেন অন্যের জমিতে মজুরী বিক্রির কাজ। তিনি মজুরী বিক্রি করেই একমাত্র মেয়ে শিউলির বিয়ে দিলে এসাহাক ও ইফাজ মন্ডল ভাতিজি শিউলিকে প্রায় দেড় বিঘা জমি ফেরত দেন। তবে বাকী জমি নিজেদের কাছেই রেখে দেন তারা। স্বামীর মৃত্যুর পর বিভিন্ন সময় স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ফেরত চাইলে তারা নানা অজুহাতে লতিফাকে বারবার ফিরিয়ে দিচ্ছিল। দীর্ঘদিন ধরেই এনিয়ে উভয়ের মধ্যে কলহ বিবাদ চলে আসছিল। এরই জেরে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় এসাহাক মন্ডল ও ইফাদ মন্ডল তার সহযোগীদের সাথে নিয়ে বিধবা লতিফা বেগমের বাড়ীতে হানা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে তারা লতিফার উপর চড়াও হয় এবং বিশেষ কাজে ব্যবহৃত বাশের তৈরী মুগুর দিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে আঘাত ও লাথি মারতে থাকে। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে রাতেই থানায় মামলা করতে চাইলে তাকে বাধা দেওয়া সহ প্রাণনাশের হুমকি দিয়ে তার ঘরেই আটকে রাখে ওই ভূমিখেকো বাহিনী। পরে ভোর রাতে গুরুতর অবস্থায় কোনরকমে নিজের ঘরেই বন্দীদশা থেকে পালিয়ে পার্শ্ববর্তী গ্রামে বোনের বাড়ীতে আশ্রয় নেন লতিফা বেওয়া। পরে বোন রোকেয়া বেগমের সহযোগীতায় রোববার দুপুরে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান শিউলি খাতুন।
বিধবা লতিফা জানান, দীর্ঘদিন ধরেই গায়ের জোরে আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখল করে রেখেছে তার ভাসুর এসাহাক ও ইফাদ। জমি ফেরত চাইলে বিভিন্ন সময় মারতে তেড়ে আসত তারা। আমি একলা মানুষ। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। নায্য জমি ফেরত পাওয়াসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক দাবি জানান তিনি।
এব্যাপারে অভিযুক্ত ইসাহাক মন্ডল জানান, তার ভাবীর ওপর নির্যাতনের কাহিনী সত্য নয়। এটি একটি সাজানো নাটক।
এ বিষয়ে লালপুর থানার ওসি আবু ওবায়েদ সিল্কসিটি নিউজকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/অ










