রাজশাহী

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন

নিউজ ডেস্ক১৯ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবদেক:

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “তথ্য অধিকার আইন, ২০০৯” বিষয়ক ওরিয়েন্টেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহীর উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, ২০০৯ সালে দীর্ঘ প্রচেষ্টা ও আন্দোলনের ফল হিসেবে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। এ আইন বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রদানে বিদ্যমান অসঙ্গতি ও বিভ্রান্তি অনেকাংশে দূর হয়েছে। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার সম্পর্কে বাস্তব ধারণা অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সনাক রাজশাহীর সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি) এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও টিএসসি পরিচালক ড. নাসরিন লুবনা।

সেমিনারে “তথ্য অধিকার আইন, ২০০৯” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজশাহীর এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল হক। তিনি তথ্য অধিকার আইনের গুরুত্ব, তথ্যপ্রাপ্তির প্রক্রিয়া এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এ আইনের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হয়ে তা যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।