নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গৃহকর্মীর হাতের খাবার খেয়ে আবদুল হান্নান (৭২) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার স্ত্রী ঝর্ণা বেগম(৬০) জ্ঞান ফিরলেও তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
নিহত আবদুল হান্নানের বাড়ি মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকায়। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, মৃত হান্নানের ভায়রা কাইয়ুম উদ্দিন দুলাল পুলিশকে জানিয়েছেন-আবদুল হান্নানের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে ঢাকায় থাকেন । স্ত্রী ঝর্ণা বেগমকে (৬০) নিয়ে বাড়িতে থাকতেন তিনি।
‘সম্প্রতি হান্নান তার বাড়িতে এক নারীকে গৃহকর্মীর কাজ দেন। গত বুধবার সকালের নাস্তায় ওই গৃহকর্মী চেতনানাশক মিশিয়ে দেন। এ খাবার খেয়ে হান্নান ও তার স্ত্রী ঝর্ণা জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে ওই গৃহকর্মী বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যান।’ পরে প্রতিবেশীরা হান্নান ও তার স্ত্রী ঝর্ণা বেগমকে রামেক হাসপাতালে ভর্তি করেন।
ওসি আমান উল্লাহ আরো বলেন, এ ঘটনায় হাসপাতালে ঝর্ণা বেগম কিছুটা সুস্থ হলেও আবদুল হান্নানের অবস্থার আরও অবনতি হয়। তাই ওইদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে আজ শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
আবদুল হান্নানের মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ মৃত্যু হওয়ায় অারো হত্যা ও চুরির দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক ওই গৃহকর্মীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি ।
স/অ









