নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর মহাদেবপুর উপজেলার নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে তাদের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমাতে যান। সোমবার ভোরে তাদের ছেলে মুক্তার হোসেন বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা ঘরে গিয়ে খাটের ওপর ওই দম্পতির মরদেহ দেখতে পান।
স্থানীয় কয়েকজনের দাবি, মুক্তার হোসেন মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত।
তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। তবে এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।









